২০২৪-এর ক্ষত ভুলে ফের একমঞ্চে মোদী-শাহর বিশ্বস্ত সেনাপতি! উত্তরপ্রদেশ জিততে কোন ‘মাস্টারস্ট্রোক’ খেললেন যোগী?

আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (BJP) অন্দরে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। দলীয় সূত্রের দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ধাক্কা ও টানাপোড়েন পিছনে ফেলে এবার খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিশেষ অনুরোধেই উত্তরপ্রদেশের নির্বাচন পরিচালনার মূল কৌশলবিদের দায়িত্ব কাঁধে তুলে নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

যোগী-শাহ রসায়নে নতুন সমীকরণ

আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপির দুই শীর্ষ নেতার সম্পর্কের বরফ গলাতে শুরু করেছে। বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে যেমন অমিত শাহের নাম বারবার উঠে এসেছে, তেমনই সেই লড়াইয়ে সমানভাবে আলোচিত নাম যোগী আদিত্যনাথ। কিন্তু ২০২৭ সালের বড় যুদ্ধের বৈতরণী পার করতে দুই হেভিওয়েট নেতার এই ঐকবদ্ধ প্রয়াসই এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কেন শাহের শরণাপন্ন যোগী শিবির?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নড়েচড়ে বসেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। যোগী প্রশাসনের কড়া ভাবমূর্তি ও আমলাতান্ত্রিক কার্যপদ্ধতিতে দলের একাংশের দূরত্ব তৈরি হওয়া এবং অভ্যন্তরীণ সমীক্ষায় কপালে ভাঁজ পড়ার ফলেই এই সিদ্ধান্ত। দলের বিক্ষুব্ধ কর্মী ও সংগঠনের ফাটল ঢাকতে একমাত্র অমিত শাহের ‘শাহী-চাল’-এই ভরসা রাখছে যোগী শিবির।

দূরত্ব ঘোচাতে একের পর এক বৈঠক

গত কয়েক মাসে দিল্লি সফরে যোগী আদিত্যনাথের দফায় দফায় অমিত শাহের সঙ্গে বৈঠক বরফ গলাতে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি লখনউয়ে রাজ্য বিজেপি কার্যনির্বাহী কমিটির বৈঠকে অমিত শাহের উপস্থিতি এবং নির্বাচন পরিচালনা নিয়ে রণকৌশল তৈরি স্পষ্ট করে দিচ্ছে যে, বিরোধীদের মোকাবিলায় মোদী-শাহ ও যোগীর ডবল ইঞ্জিন কম্বিনেশন ফের ময়দানে নামতে চলেছে পুরোদমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *