‘কুমাতা কভুও নয়!’ ২ বছরের নিজের কোলের সন্তানকে গলা টিপে খুনের অভিযোগ মথুরাপুরের মায়ের বিরুদ্ধে

কথায় বলে, ‘কুপুত্র যদি বা হয়, কুমাতা কভুও নয়!’ কিন্তু সেই প্রবাদকেই ভুল প্রমাণ করে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার উত্তর দুর্গাপুর। মাত্র দু’বছরের শিশুপুত্রকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল খোদ তার নিজের মায়ের বিরুদ্ধেই। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিযুক্ত মা কেতকী হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল মথুরাপুরে?
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কাল বিকেল পাঁচটা নাগাদ উত্তর দুর্গাপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ, মাত্র দুই বছরের একরত্তি রক্তিম হালদারকে গলা টিপে খুন করেন তার মা কেতকী হালদার। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় অভিযুক্তের আগের পক্ষের ১৩ বছরের এক নাবালক ছেলেও ঘরে উপস্থিত ছিল।
পরিবারের দাবি, খুন করার পর শিশুটির দেহ পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত মা। পরে বড় ছেলেই বাড়ির বাকিদের বিষয়টি জানায়। এরপরই মৃত শিশুর বাবা ও দিদার অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ।
কী বলছে প্রশাসন?
সুন্দরবন জেলা পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, “শিশুর বাবা এবং দিদার অভিযোগের ভিত্তিতে মাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
পরিবারের অন্যান্য আত্মীয়দের দাবি, অভিযুক্ত কেতকীর এর আগেও একটি বিয়ে হয়েছিল এবং সেই পক্ষের সন্তানও রয়েছে। পরবর্তীতে রক্তিমের বাবার সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবারের অন্দরে দীর্ঘদিন ধরে নানা অশান্তি ও কেতকীর একাধিক সম্পর্কের অভিযোগ তুলেছেন আত্মীয়রা। তবে এই পারিবারিক অশান্তি বা অন্য কোনো ক্ষোভের কারণেই এই খুন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মাত্র দুই বছরের একটি শিশুর এমন রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনার সময় উপস্থিত নাবালকের বয়ান এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা করছে মথুরাপুর থানার পুলিশ।