ট্রাম্পকে খুনের ষড়যন্ত্রের ছক হোয়াইট হাউসের দরজায়! ভেনেজুয়েলার যুবকের কান্ডে কাঁপল মার্কিন মুলুক

বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ও ভয়াবহ ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যা করার ছক কষার অপরাধে অত্যন্ত বিপজ্জনক অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আমেরিকা জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন।
জানা গিয়েছে, সিক্রেট সার্ভিসের এক আধিকারিক হোয়াইট হাউসের কাছে নিয়মিত টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন পিকআপ ট্রাক দেখতে পান। গাড়ির কাছে গিয়ে আধিকারিক তল্লাশি চালাতেই ভেনেজুয়েলার বাসিন্দা ২৬ বছর বয়সি এক যুবকের সন্ধান মেলে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি মারাত্মক এআর-১৫ (AR-15) সামরিক শ্রেণির রাইফেল, দু’টি শক্তিশালী হ্যান্ডগান এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করেন তদন্তকারীরা।
ওয়াশিংটন ডিসির সুপিরিয়র কোর্টে পেশ করা এফআইআর ও ফৌজদারি অভিযোগপত্র অনুযায়ী, ধৃত যুবকের নাম রনি ইয়র্দ্রিক্স গুয়ানিপা ক্রিনোস। সিক্রেট সার্ভিসের আধিকারিক সন্দেহভাজন গাড়িটি দেখে চালকের কাছে অস্ত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি কোনো বাক্যব্যয় না করে কেবল মাথা নেড়ে সায় দেন এবং আঙুল দিয়ে বন্দুকের অনুকরণে ইশারা করেন। পরবর্তীতে একটি ডিজিটাল ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন অভিযুক্ত যুবক।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত রনি দাবি করেন যে, এর আগে তাঁকে কেউ একদল দুষ্কৃতী হত্যার চেষ্টা করেছিল এবং তিনি সেই দুষ্কৃতীদের কাছ থেকেই উল্টে এই আগ্নেয়াস্ত্রগুলি ছিনিয়ে নিয়েছেন। তবে সবচেয়ে বিস্ফোরক তথ্য উঠে আসে জেরার ঠিক পরের অংশে। অভিযুক্ত তদন্তকারীদের কাছে স্বীকার করেন যে, তাঁর “মাথার ভেতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি বা কণ্ঠ প্রতিনিয়ত নির্দেশ দিচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করার জন্য।” তাঁর এই মানসিক অবস্থা ও চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে হতবাক হয়ে যান তদন্তকারীরা।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, গুয়ানিপা-ক্রিনোস মূলত ভেনেজুয়েলার নাগরিক এবং ২০২৪ সালের মার্চ মাসে টেক্সাস সীমান্ত দিয়ে বেআইনিভাবে আমেরিকায় অনুপ্রবেশ করেন। তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইতিমধ্যেই পরোয়ানা জারি করেছিল। শুক্রবার সুপিরিয়র কোর্টে পেশ করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে ওয়াশিংটন জুড়ে জারি রয়েছে চরম সতর্কতা।