আগরতলায় রিং রোড, ৫০ শয্যার হাসপাতাল আর ইউনিটি মল! ৫১ আসনে প্রার্থী দিয়ে মাস্টারস্ট্রোক বিজেপির

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী শহরে এক অভূতপূর্ব রাজনৈতিক উন্মাদনা ও শক্তির মহড়া দেখতে পেল ত্রিপুরাবাসী। পুরনিগমের মোট ৫১টি আসনেই একযোগে নিজেদের প্রার্থী দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র পেশ করল রাজ্যের শাসকদল বিজেপি। এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে অফিস লাইনের সদর মহকুমা অফিসে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে শেষ হয়।

হেভিওয়েটদের উপস্থিতিতে বর্ণাঢ্য মিছিল

মনোনয়ন জমার এই ঐতিহাসিক মিছিলে উপস্থিত হয়ে প্র প্রার্থীদের সমর্থন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। পাশাপাশি মিছিলে পা মেলান প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, লোকসভার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি দলের রাজ্য প্রভারি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সাত রামনগরের জনপ্রিয় বিধায়ক দীপক মজুমদার সহ দলের শীর্ষ সারির নেতৃত্বরা। শহরের রাস্তা জুড়ে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় এবং উদ্দীপনা এক উৎসবের আবহাওয়া তৈরি করে।

উন্নয়নের খতিয়ান নিয়ে ভোট ময়দানে বিজেপি

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, গত কয়েক বছরে আগরতলা শহরের যে সার্বিক আমূল পরিবর্তন হয়েছে, সেই বাস্তব উন্নয়নের কাজের খতিয়ান নিয়েই বিজেপি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাবে।

শহরের পরিকাঠামো পরিবর্তনের উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন:

  • জলযন্ত্রণা থেকে মুক্তি: একসময় সামান্য বৃষ্টিতেই আগরতলার মূল এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ত। কভার ড্রেন নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং শহরের বড় বড় নালা সংস্কারের ফলে সেই পুরানো সমস্যা অনেকটাই লাঘব করা সম্ভব হয়েছে।

  • মাটির তলায় বিদ্যুৎ লাইন: শহরের সৌন্দর্যায়ন এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে ঝুলন্ত তারের বদলে মাটির নিচে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

  • স্বাস্থ্য ও আবাসন: পুরনিগমের অধীনে ৫০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল চালু করার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পের আওতায় জোড়া টাওয়ার উদ্বোধন করা হয়েছে।

  • যানজট মুক্তি ও আগামী দিনের মাস্টারপ্ল্যান: আগরতলা শহরকে যানজটমুক্ত করতে একটি বিশেষ ‘রিং রোড’ তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি শহরের জলশয় ও লেকগুলি পুনরুদ্ধার এবং বর্জ্য ব্যবস্থাপনায় (Solid Waste Management) নজরকাড়া কাজ হয়েছে।

তিনি আরও জানান, শহরের বুকে ইউনিটি মল নির্মাণ, নতুন ডেন্টাল কলেজ স্থাপন এবং বিএসসি নার্সিং কোর্স চালুর মতো একাধিক মেগা প্রজেক্টের কাজ বর্তমানে রাজ্য সরকারের অধীনে পুরোদমে চলছে। সামগ্রিক এই রূপান্তরের রিপোর্ট কার্ড সামনে রেখেই ৫১টি ওয়ার্ডের প্রার্থীরা বিপুল জনসমর্থন পাবেন বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *