“ডাবের টেস্ট কেমন দেখতে এসেছিলাম!” চুরি করতে উঠে ৯ ঘণ্টা নারকেল গাছে আটকে যুবক, ধুন্ধুমার মালদায়

নারকেল চুরি করতে গিয়ে এ এক তাজ্জব ও আজব কাণ্ড! চুরি করার উদ্দেশে তরতর করে উঁচু নারকেল গাছে তো উঠে পড়লেন যুবক, কিন্তু তার পরই বাধল চরম বিপত্তি। ধরা পড়ার ভয় আর নামার পথ হারিয়ে গাছে আটকে রইলেন ঘণ্টার পর ঘণ্টা। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকলের দীর্ঘ ৯ ঘণ্টার হাড়ভাঙা চেষ্টার পর গাছ থেকে নিচে নামানো সম্ভব হলো তাঁকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা শহরের কানী মোড় সংলগ্ন ফরেস্ট অফিস (বন দপ্তর) চত্বরে। এই নজিরবিহীন নাটক দেখতে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত এলাকা জুড়ে বিপুল মানুষের ভিড় জমে যায়।

গাছে চড়ে ৯ ঘণ্টার টানটান নাটক

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম আকাশ (৩০), বাড়ি মালদার বালুচর এলাকায়। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ ফরেস্ট অফিসের ভেতরের একটি ডাব ও নারকেল গাছে চড়েন তিনি। অভিযোগ, সেখান থেকে নারকেল পাড়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য। কিন্তু গাছে ওঠার পরই স্থানীয়দের নজর পড়ে যায় তাঁর ওপর। গণপিটুনি ও ধরা পড়ার ভয়ে ভয়ে তিনি গাছের মগডালে গিয়ে চুপচাপ বসে থাকেন এবং আর নিচে নামতে রাজি হননি।

খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছান ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস। তিনি তৎক্ষণাৎ রথবাড়ি পুলিশ ফাঁড়ি এবং দমকল বিভাগকে খবর দেন।

দমকলের দীর্ঘ কসরত ও উদ্ধার

দুপুর ১টা নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনার কসরত শুরু করেন। বহুবার মাইকিং ও নানাভাবে বুঝিয়েও ডাল ছেড়ে নামতে চাননি আকাশ। প্রায় পুরো দিন এবং সন্ধ্যে গড়িয়ে রাত ৯টা নাগাদ বহু চেষ্টার পর দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাঁকে গাছ থেকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

গাছ থেকে নামানোর পর উদ্ধারকারীরা আকাশে বগলে একটি ডাব দেখতে পান। উদ্ধারের পর যুবকের কথাবার্তায় খানিকটা অসংলগ্নতা ধরা পড়ে, তবে এই আজব ঘটনাকে ঘিরে গোটা মালদায় চরম হাসাহাসি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *