‘এমন বন্ধু আর পাব না!’ পুজোর আগেই আকস্মিক মৃত্যু, দীপঙ্করের চলে যাওয়ায় ভেঙে পড়লেন শুভ্রজিৎ!

সোমবার রাতে আচমকাই টালিয়পাড়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ‘দেবী চৌধুরাণী’ ও ‘অভিযাত্রিক’-এর মতো প্রশংসিত ছবির সহকারী পরিচালক দীপঙ্কর সরকার। তাঁর আকস্মিক মৃত্যুর খবরটি ‘আজকাল ডট ইন’-এর কাছে নিশ্চিত করেছেন খ্যাতনামা পরিচালক পথিকৃৎ বসু। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে একের পর এক আবেগঘন পোস্ট করতে শুরু করেছেন শুভ্রজিৎ মিত্র, রোহিত মুখার্জি থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু তারকা ও কলাকুশলী।
দীর্ঘ ২০ বছরের বন্ধুত্ব শেষ নিমেষে
পরিচালক পথিকৃৎ বসু এবং শুভ্রজিৎ মিত্রের মতো হেভিওয়েটদের সঙ্গে একাধিক স্মরণীয় ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন দীপঙ্কর। বন্ধুর এই হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। দীপঙ্করের সঙ্গে কাটানো বহু মুহূর্তের একটি ছবি কোলাজ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, “আমার দীর্ঘদিনের বন্ধু, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট দীপঙ্কর আজ আমাদের ছেড়ে চলে গেল। ২০ বছরের বন্ধুত্ব, ১৬ বছরের একসঙ্গে পথ চলা। ‘কাকাবাবু সিরিজ’ থেকে ‘চোরাবালি’, ‘অভিযাত্রিক’, ‘দেবী চৌধুরাণী’—এমন কোনো কাজ নেই যেখানে ও আমার পাশে ছিল না।” শুভ্রজিৎ আরও জানান, পুজোর আগেও তাঁদের কথা হয়েছিল। সামনেই নতুন ছবির লোকেশন রেকি এবং শিডিউল নিয়ে নানা পরিকল্পনা চলছিল। তাঁর কথায়, পরিচালকের সঙ্গে তর্ক করার ও মুখের ওপর সত্যিটা বলে দেওয়ার সাহস একমাত্র দীপঙ্করেরই ছিল। “কোথায় যেন একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে গেল। যেখানেই থাকিস ভালো থাকিস ভাই, তোকে খুব মিস করব,”—যোগ করেন তিনি।
অন্যদিকে, অভিনেতা রোহিত মুখার্জি নিজের ফেসবুকে লিখেছেন, “কিচ্ছু ভালো লাগছে না। দীপঙ্কর, এটা তুই কী করলি ভাই? ভালো কাজ করছিলি, এই তো সেদিন ফোন করলি একটা ছবির জন্য। এভাবে কেউ চলে যায়?” এছাড়াও অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি, দেবপ্রিয় মুখার্জি প্রমুখ বিশিষ্টজনেরাও দীপঙ্করের অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
রহস্য ঘেরাটোপে মৃত্যু!
সহকারী পরিচালক দীপঙ্কর সরকারের এই আকস্মিক মৃত্যু ঘিরে ইতিমধ্যে নানা প্রশ্নের উদয় হয়েছে। সূত্রের খবর, কাজের সূত্রে কলকাতায় একাই থাকতেন তিনি এবং পরিবারের থেকে দূরে থেকেই সমস্ত পেশাদার দায়িত্ব সামলাতেন। তাঁর ব্যক্তিগত জীবনে বা অন্য কোনো কারণে কোনো সমস্যা ছিল কি না, সেই প্রশ্নও এখন জোরালো হচ্ছে।
পরিচালক পথিকৃৎ বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীপঙ্করের মৃত্যুর খবর পেয়ে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফোনটি পুলিশ রিসিভ করায় উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গিয়েছে। যেহেতু ঘটনার পেছনের আসল কারণ বা বিস্তারিত তথ্য এখনও পরিষ্কার নয়, তাই এই বিষয়ে এখনই কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে চাননি পরিচালক। আকস্মিক এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা টলিউড জুড়ে শোকের পাশাপাশি তৈরি হয়েছে গভীর রহস্য।