দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে ৩৩,০০০ টাকা! ৮০ হাজারের বেশি সরকারি কর্মীর জন্য বিএমসি-র মেগা চমক

আলোকের উৎসব দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের জন্য এলো একের পর এক জোড়া সুখবর। দেশের সবচেয়ে ধনী পুরসংস্থা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) তাদের কর্মচারীদের জন্য এক মোটা অঙ্কের দিওয়ালি বোনাস ঘোষণা করেছে। চলতি বছর বিএমসি-র ৮৩,০০০-এরও বেশি কর্মকর্তা ও কর্মচারী পেতে চলেছেন ৩৩,০০০ টাকা করে দিওয়ালি বোনাস। পুরসভার এই ঐতিহাসিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কর্মচারীদের পরিবারে এখন আনন্দের আমেজ।
গতবারের চেয়ে ২০০০ টাকা বেশি বোনাস!
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঘোষিত ৩৩,০০০ টাকার এই বোনাসটি গত বছরের চেয়ে ২,০০০ টাকা বেশি। গত বছর পুরকর্মীদের ৩১,০০০ টাকার এককালীন অনুদান বা বোনাস দেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া সাক্ষাৎকারে বিএমসি কর্মী ইউনিয়নের অন্যতম শীর্ষ নেতা শশাঙ্ক রাও জানিয়েছেন, বিএমসি সদর দফতরে আয়োজিত সমস্ত গ্রুপ লিডারদের এক বৈঠকে পৌর সংস্থাটি তার কর্মচারীদের এই ৩৩,০০০ টাকা বোনাস দিতে সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছে। শুধু পুরকর্মীই নন, এই দিওয়ালিতে সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং শিক্ষা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরাও এই ৩৩,০০০ টাকার বোনাস পাবেন।
কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধি
শুধু পুরকর্মীরাই নন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যও এসেছে বড় স্বস্তির খবর। বুধবার কেন্দ্রীয় সরকার তার সমস্ত কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) আরও ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এই নতুন বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান ডিএ এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) বেড়ে দাঁড়িয়েছে মোট ৬৩ শতাংশে।
রেলে ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস!
অন্যদিকে, ভারতীয় রেলও তাদের কর্মীদের জন্য বড় উপহারের ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের সমস্ত নন-গেজেটেড রেল কর্মচারীদের জন্য ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) অনুমোদন করেছে।
সব মিলিয়ে, দীপাবলির ঠিক মুখে এই বিপুল পরিমাণ বোনাস, ডিএ বৃদ্ধি এবং আর্থিক অনুদানের বর্ষণে সরকারি কর্মচারীদের একাংশের আর্থিক স্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল।