“মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাদুকর জিৎকে পাঠিয়েছেন!” জুনের এক মন্তব্যেই তোলপাড় রামমন্দির আদলের পুজো মণ্ডপ!

রামমন্দিরের আদলে চোখ ধাঁধানো মণ্ডপ, পাশে সুপারস্টার জিৎ! তার মধ্যেই জুন মালিয়ার ‘শুভেন্দু’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা

বিশেষ প্রতিনিধি: কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের সোদিয়ালে। তবে এবার শুধুই দেবীর আরাধনা নয়, রামমন্দিরের আদলে তৈরি সুউচ্চ নজরকাড়া মণ্ডপ এবং টলিউড সুপারস্টার জিতের উপস্থিতিতে পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছে। মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে তৈরি এই রামমন্দির আদলের মণ্ডপ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে।

প্রতি বছরের মতো এবারও এই সোদিয়ালের পুজোর উদ্বোধনে ছিল তারকাদের মেলা। পুজোর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা জিৎ। কিন্তু তারকা গ্ল্যামারকেও ছাপিয়ে রাজনৈতিক মহলে আচমকাই জোর জল্পনা তৈরি করেছে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার একটি বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য।

উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় জুন মালিয়া বলে বসেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিৎ ভাইকে এখানে পাঠিয়েছেন।”

প্রকাশ্য মঞ্চে ‘মুখ্যমন্ত্রী’ পদের সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়ানো এবং একই সূত্রে জিতের উপস্থিতি নিয়ে জুনের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভুলবশত এই মন্তব্য নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত ছিল, তা নিয়ে রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর তর্ক-বিতর্ক।

উল্লেখ্য, সোদিয়ালের এই লক্ষ্মীপুজো ঘিরে প্রতি বছরই জেলা জুড়ে বিশেষ আকর্ষণ থাকে। পুজোর জমকালো আয়োজন ও বিনোদন জগতের একঝাঁক তারকার উপস্থিতি দেখতে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। তবে এবার রামমন্দিরের রূপায়ণ এবং জুনের বিতর্কিত মন্তব্য—এই দুই মিলিয়ে মথুরাপুরের পুজো নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *