আমেরিকায় মোস্ট ওয়ােন্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেফতার! ইন্টারপোলের রেড নোটিস থাকা দুই মাফিয়া এবার ভারতের জালে!

ভারতর অন্যতম মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে ভাউ রিতোলিয়া এবং তার ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত অপরাধী নীরজ ফরিদপুরিয়া শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে হরিয়ানা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF), এফবিআই (FBI) এবং মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি (ICE)-র যৌথ অভিযানে গত ২২ অক্টোবর লাস ভেগাস থেকে দুই কুখ্যাত গ্যাংস্টারকে জালে তোলা হয়। হিমাংশু জাল নথিপত্র ব্যবহার করে ‘হিঙ্গাশু সিগরোহা’ নামে ভুয়া পাসপোর্ট তৈরি করে আমেরিকায় আত্মগোপন করেছিল। কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সংস্থাসমূহের দেওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মার্কিন পুলিশ শেষরক্ষা হতে দেয়নি। বর্তমানে ধৃত দুই গ্যাংস্টারকেই ভারতে দ্রুত প্রত্যর্পণ করার জন্য হরিয়ানা এসটিএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মার্কিন কর্তৃপক্ষের সাথে ক্রমাগত যোগাযোগ রক্ষা করে চলেছে।

হরিয়ানার রোহতাক অঞ্চলের বাসিন্দা হিমাংশু ভাউ দিল্লি, হরিয়ানা ও সংলগ্ন রাজ্যগুলোতে একাধিক খুন, খুনের চেষ্টা, অপহরণ এবং বড় আকারের তোলাবাজি চক্র পরিচালনা করার জন্য কুখ্যাত। ২০২৩ সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল। ভারতের এনআইএ (NIA), দিল্লি পুলিশ এবং হরিয়ানা এসটিএফ-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে ছিল এই গ্যাংস্টারের নাম। অন্যদিকে, হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা নীরজ ফরিদপুরিয়ার বিরুদ্ধে অন্তত ২৫টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ২০১২ সালে প্রথমবার গ্রেফতার হওয়ার পর ২০১৫ সালে এক খুনের মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে ২০১৯ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকেই সে বেপাত্তা হয়ে যায় এবং ওই বছরেই কংগ্রেস মুখপাত্র বিকাশ চৌধুরীকে নৃশংসভাবে খুনের পেছনে তার প্রধান ভূমিকা সামনে আসে।

জামিনে মুক্ত হয়ে নীরজ প্রথমে ভুয়ো পাসপোর্টে দুবাই এবং পরে কানাডায় চম্পট দেয়। কানাডায় বসে সে লরেন্স বিষ্ণোইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ‘বমবিহা গ্যাং’-এর পূর্ণ দায়িত্ব সামলাতে শুরু করে। পরবর্তীতে সেখান থেকে আমেরিকায় পালিয়ে এসে হিমাংশু ভাউয়ের গ্যাংয়ের সাথে হাত মেলায় এবং যৌথভাবে ভারতের বুকে একাধিক মারাত্মক অপরাধমূলক গ্যাংস্টার নেটওয়ার্ক চালাতে থাকে। এমনকি সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবের বাসভবনের বাইরে গুলি চালানোর চাঞ্চল্যকর ঘটনাতেও নীরজ ফরিদপুরিয়ার সরাসরি ইন্ধন ছিল বলে তথ্য নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে দুই মাফিয়াকে দেশে ফিরিয়ে এনে কঠোর বিচারের মুখোমুখি করাই ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রধান লক্ষ্য।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *