ডিএ-র আলোচনার আবহেই বড় সুখবর! পুজোর মুখেই মাথাপিছু ৬৯০৮ টাকা বোনাসের নয়া বিজ্ঞপ্তি জারি

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল দারুণ সুখবর। দুর্গাপুজোর আমেজ চারপাশে ছড়িয়ে পড়ার মাঝেই একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রক নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (Non-PLB) দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে যখন বিভিন্ন মহলে জোর চর্চা চলছে, ঠিক তখনই এই বোনাসের সিদ্ধান্ত চাকুরিজীবীদের আনন্দের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল।

কত টাকা পাবেন যোগ্য কর্মীরা?

অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য যোগ্য কর্মীরা ৩০ দিনের পারিশ্রমিকের সমপরিমাণ টাকা নন-পিএলবি বোনাস হিসেবে পাবেন। ৩০ দিনের মূল বেতন এবং সর্বাধিক ৭,০০০ টাকার বোনাস মজুরির সীমা (Calculation Ceiling) ধরে এই অঙ্ক হিসাব করা হয়েছে। হিসাব অনুযায়ী, মাথাপিছু বোনাসের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৯০৮ টাকা।

কারা এই বোনাস পাওয়ার যোগ্য?

সব কেন্দ্রীয় কর্মী এই বোনাসের আওতায় আসবেন না। এর নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে:

  • পদমর্যাদা: গ্রুপ ‘সি’ (Group C) কর্মী এবং গ্রুপ ‘বি’ (Group B)-র সমস্ত নন-গেজেটেড (Non-Gazetted) কর্মী, যাঁরা অন্য কোনো প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের আওতাভুক্ত নন, তাঁরাই এই বোনাস পাবেন।

  • বাহিনী ও কেন্দ্রশাসিত অঞ্চল: সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যোগ্য কর্মীরাও এই নন-পিএলবি বোনাস পাবেন। এ ছাড়া যেসব কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীরা কেন্দ্রীয় পে-স্কেল মেনে চলেন এবং অন্য কোনো অনুদান পান না, তাঁরাও এই সুবিধা পাবেন।

  • অস্থায়ী ও ক্যাজুয়াল শ্রমিক: যেসব অস্থায়ী শ্রমিক টানা তিন বছর বা তার বেশি সময় ধরে প্রতি বছর অন্তত ২৪০ দিন (সপ্তাহে ৬ দিনের অফিসের ক্ষেত্রে) অথবা ২০৬ দিন (সপ্তাহে ৫ দিনের অফিসের ক্ষেত্রে) কাজ করেছেন, তাঁরাও আনুপাতিক হারে এই বোনাসের যোগ্য হবেন।

কী কী শর্ত মেনে চলতে হবে?

অর্থ মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে: ১. কর্মী বা আধিকারিককে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চাকুরিরত বা বহাল থাকতে হবে।

২. ২০২৫-২০২৬ অর্থবর্ষে সংশ্লিষ্ট কর্মীকে কমপক্ষে ছয় মাস নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে হবে।

৩. অন্তত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চাকুরির মেয়াদের ওপর ভিত্তি করে আনুপাতিক (Pro-rata) হারে এই বোনাসের অর্থ প্রদান করা হবে।

উৎসবের ঠিক মুখেই এই আর্থিক সুবিধা মেলায় স্বাভাবিকভাবেই হাসির মুখ ফুটেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *