প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারা-ডন ব্র্যাডম্যানের পাশে মিজোরামের চিন্ময় সুতার! রঞ্জির ৯২ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে অবিশ্বাস্য কীর্তি

শেষবার রঞ্জি ট্রফিতে এমন নজির দেখা গিয়েছিল ১৯৪৮ সালে! দীর্ঘ ৭৮ বছরের খরা কাটিয়ে অবশেষে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ব্যক্তিগত চারশো রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন মিজোরামের টপ-অর্ডার ব্যাটার চিন্ময় সুতার। নাগাল্যান্ডের বিরুদ্ধে প্লেট গ্রুপের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০০ রানের এই ঝকঝকে ইনিংস খেলে বিশ্বজুড়ে ক্রিকেট মহলের আলো কেড়ে নিয়েছেন তিনি। তাঁর এই ম্যারাথন ইনিংসের সুবাদেই প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৮১ রান তুলেছে মিজোরাম।
৭৯ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান
১৯৪৮ সালে রঞ্জি ট্রফিতে প্রথম ব্যাটার হিসেবে ব্যক্তিগত চারশো রানের (অপরাজিত ৪৪৩) রেকর্ড গড়েছিলেন মহারাষ্ট্রের ভাউসাহেব বাবাসাহেব নিম্বালকর। দীর্ঘ প্রায় আট দশক পর সেই ইতিহাস আবার ফিরিয়ে আনলেন মিজোরামের চিন্ময় সুতার। এই অনন্য কীর্তির সুবাদেই ব্রায়ান চার্লস লারা, ডন ব্র্যাডম্যান, হানিফ মহম্মদ (৪৯৯) ও গ্রেম হিকদের (৪০৫*) মতো বিশ্ব ক্রিকেটের প্রবাদপ্রতিম তারকাদের সঙ্গে একাসনে বসে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বজুড়ে দ্বাদশ ব্যাটার হিসেবে চারশো রানের ক্লাবে নাম লিখিয়ে ফেললেন তিনি।
রেকর্ড ভাঙা ইনিংসের পরিসংখ্যান
চলতি বছরই রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে মুম্বইজাত এই ব্যাটার চিন্ময়ের। প্রথম ম্যাচেই মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হলেও, নাগাল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই সমস্ত আক্ষেপ পুষিয়ে নিলেন বছর উনত্রিশের এই ক্রিকেটার। নাগাল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করে তিনি ৫১৭ বল খেলে অপরাজিত ৪০০ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন। তাঁর এই ইনিংসে সাজানো ছিল ৪৬টি চোখধাঁধানো চার এবং ৭টি বিশাল ছক্কা। অর্থাৎ, শুধুমাত্র বাউন্ডারি হাঁকিয়েই তিনি দু’শোর বেশি রান সংগ্রহ করেছেন।
এই ইনিংস খেলার পথেই তিনি রঞ্জি ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় পৃথ্বী শ’কে টপকে গেছেন। ২০২২-২৩ মরশুমে অসমের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে পৃথ্বীর ৩৩৭ রানের ইনিংসটি এতদিন দ্বিতীয় স্থানে ছিল, যা এখন চিন্ময়ের দখলে চলে গেল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৯৪ সালে ডারহামের বিরুদ্ধে অপরাজিত ৫০১ রানের ইনিংস খেলে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা সর্বকালের সেরা নজির গড়েছিলেন। সেই কিংবদন্তি তালিকায় এবার উজ্জ্বলভাবে খোদাই হয়ে গেল বাংলার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ চিন্ময় সুতারের নামও।