রেলে চাকরির বিরাট সুবর্ণ সুযোগ! আবেদনের সময় শেষ হওয়ার আগেই জানুন সমস্ত যোগ্যতা ও আবেদন পদ্ধতি!

ভারতীয় রেলে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য এলো এক দারুণ খবর। সাউদার্ন রেলওয়ে এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-তে ২০২৬-২৭ সালের জন্য স্কাউটস অ্যান্ড গাইডস কোটায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি (RRC-01/S&G/2026-27) প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ১৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:
সাউদার্ন রেলওয়েতে ১৪টি এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) ৩টি মিলিয়ে মোট ১৭টি পদে কর্মী নিয়োগ করা হবে। চেন্নাই, তিরুচিরাপল্লী, মাদুরাই, পালঘাট, তিরুবনন্তপুরম এবং সালেম ডিভিশনের জন্য এই নিয়োগ করা হবে।
পে লেভেল ২: স্বীকৃত বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। টেকনিক্যাল পদের ক্ষেত্রে ১০ম শ্রেণি পাশের সঙ্গে ITI সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে।
পে লেভেল ১: প্রার্থীকে দশম শ্রেণি পাশ হতে হবে অথবা ITI বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
বয়সসীমা (১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী):
পে লেভেল ২: সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
পে লেভেল ১: সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে বিশেষ ছাড় পাবেন।
বিশেষ যোগ্যতা (স্কাউটস অ্যান্ড গাইডস):
শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে না। প্রার্থীর প্রেসিডেন্টের স্কাউট/গাইড/রোভার/রেঞ্জার অথবা হিমালয়ান উড ব্যাজ সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি, গত ৫ বছর ধরে স্বীকৃত কোনো স্কাউটস সংস্থায় সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থাকার প্রমাণ এবং দুটি রাজ্য ও দুটি জাতীয়/রেলওয়ে স্তরের ইভেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
নির্বাচন পদ্ধতি ও নম্বর বিভাজন:
লিখিত পরীক্ষা (CBT) এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় নম্বর বিভাজন থাকবে নিম্নরূপ:
লিখিত পরীক্ষা: ৬০ নম্বর (সময় ১ ঘণ্টা, ৩টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে)।
স্কাউটস ও গাইডস সার্টিফিকেট: ৪০ নম্বর।
এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন, পার্সোনালিটি টেস্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে।
আবেদন পদ্ধতি ও ফি:
প্রার্থীদের সাউদার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ২৫০ টাকা রাখা হয়েছে (পরীক্ষায় বসলে ফি-র একটি অংশ নিয়ম মেনে রিফান্ড করা হবে)। আবেদনের সময় ইউনিফর্ম পরা ছবি এবং প্রয়োজনীয় নথি আপলোড করা বাধ্যতামূলক।