পর্দা কাঁপাতে আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’! ১৫ বছর পর কোন নতুন রহস্যের জট খুলতে চলেছেন একতা কাপুর?

ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন বিপ্লব ঘটিয়েছিল বলিমহলের অন্যতম ব্লকবাস্টার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য ডার্টি পিকচার’ (The Dirty Picture)। প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার বর্ণময় ও ট্র্যাজিক জীবন অবলম্বনে তৈরি এই সিনেমা নারী স্বাধীনতা, যৌনতা ও গ্ল্যামার দুনিয়ার পেছনের নির্মম সত্যকে এক সম্পূর্ণ অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মিলান লুথরিয়ার পরিচালনায় এবং একতা কাপুরের প্রযোজনায় তৈরি এই ছবিতে ‘সিল্ক’ চরিত্রে বিদ্যা বালানের অবিস্মরণীয় অভিনয় আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। এই ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছিলেন বিদ্যা।
আর এবার দীর্ঘ ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকেই বড় পর্দায় ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রখ্যাত প্রযোজক একতা কাপুর। সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে অতিথি হিসেবে এসে একতা নিশ্চিত করেছেন যে, তিনি বহুচর্চিত ‘দ্য ডার্টি পিকচার ২’ বানানোর কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন।
‘মন ছুঁয়ে যাওয়া গল্প পেয়েছি!’—একতা কাপুর
সিক্যুয়েল তৈরির পরিকল্পনা দীর্ঘ দিন ধরে থাকলেও মনের মতো নিখুঁত চিত্রনাট্য না পাওয়ায় বিষয়টি ঝুলে ছিল। পডকাস্টে সেই প্রসঙ্গে একতা বলেন, “আমার কেরিয়ারের অন্যতম বড় ছবি হতে চলেছে ‘দ্য ডার্টি পিকচার ২’। দীর্ঘ ১৫ বছর পর আমি এর সিক্যুয়েল নিয়ে আসছি, কারণ অবশেষে এমন একটি গল্প আমার হাতে এসেছে যা দর্শকদের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। প্রথম ছবিটি ছিল সিল্ক স্মিতাকে নিয়ে, যিনি নিজের শরীর ও পছন্দকে সম্বল করে সমাজকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। আমি তাঁকে কখনই ভিকটিম বা করুণার পাত্রী হিসেবে দেখিনি, বরং নিজের ব্যক্তিত্ব ও সাহসিকতাকে উদযাপনকারী হিসেবে ফুটিয়ে তুলেছিলাম। দর্শকরাও সেই সাহসী রূপকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন।”
প্রধান চরিত্রে কে থাকছেন?
প্রযোজকের ইঙ্গিত অনুযায়ী, প্রথম কিস্তির মতো ‘দ্য ডার্টি পিকচার ২’-এর সম্পূর্ণ গল্পটিও অন্য এক রিয়েল লাইফ বা সত্য ঘটনার ওপর ভিত্তি করেই আবর্তিত হবে। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে শেষ পর্যন্ত কোন প্রথম সারির অভিনেত্রী অভিনয় করবেন, কার জীবনের গল্প পর্দায় ফুটিয়ে তোলা হবে কিংবা এটি কবে নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে— সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য ফাঁস করেননি একতা।
প্রথম পর্বে বিদ্যার সেই সাহসী ও কালজয়ী অভিনয় যে উচ্চতা তৈরি করে গেছে, দ্বিতীয় পর্বে সেই ব্যাটন কে নিজের কাঁধে তুলে নেন এবং বক্স অফিসে একতার এই নতুন প্রজেক্ট কেমন ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় বলিপাড়া।