পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে বিশাল বড় চমক! বাড়ল লোকাল ট্রেনের সংখ্যা, নতুন স্টপেজের ঘোষণা

আসন্ন দুর্গাপূজার মুখে শহরতলীর নিত্যযাত্রী এবং ঠাকুর দেখতে বের হওয়া সাধারণ মানুষের সুবিধার্থে বড়সড় ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ট্রেন সফর আরও সহজ, আরামদায়ক এবং দ্রুত করতে একাধিক লোকাল লাইনে নতুন ট্রেন চালানো, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং নতুন এসি লোকালের স্টপেজ অনুমোদন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই পরিষেবাগুলোর ফলে আনন্দবাজার থেকে বজবজ— বিস্তীর্ণ অঞ্চলের যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।

শান্তিপুর–কৃষ্ণনগর রুটে অতিরিক্ত ট্রেন

রেল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থেকে দিগনগর হল্ট হয়ে কৃষ্ণনগর সিটি জংশন রুটে দৈনিক ট্রেন সংখ্যা এক জোড়া থেকে বাড়িয়ে দুই জোড়া করা হয়েছে।

  • আপ সেবা: ট্রেনটি শান্তিপুর থেকে সকাল ৯:৩৪ মিনিটে ছেড়ে ১০:০৭ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে।

  • ডাউন সেবা: কৃষ্ণনগর সিটি জংশন থেকে সকাল ১০:১৭ মিনিটে যাত্রা শুরু করে ১০:৪৩ মিনিটে ট্রেনটি শান্তিপুরে পৌঁছবে।

গভীর রাতে বজবজ লাইনে স্পেশাল লোকাল

রাতে কাজ সেরে বা পুজোয় দেরিতে বাড়ি ফেরা যাত্রীদের স্বস্তি দিতে শিয়ালদহ–কমাগাটামারু বজবজ (KBGB) শাখায় পরীক্ষামূলকভাবে গভীর রাতের ইএমইউ (EMU) পরিষেবা চালু করা হয়েছে।

  • শিয়ালদহ থেকে বজবজ (ডাউন): রাত ১০:৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১১:৪৩ মিনিটে বজবজ পৌঁছবে।

  • বজবজ থেকে শিয়ালদহ (আপ): রাত ১১:৫৪ মিনিটে বজবজ থেকে রওনা দিয়ে রাত ১২:৪৮ মিনিটে শিয়ালদহে এসে পৌঁছবে।

বদকুল্লায় দাঁড়াবে এসি লোকাল

শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন শাখায় চলাচলকারী এসি ইএমইউ লোকাল যাত্রীদের জন্য মিলল বড় স্বস্তি। বদকুল্লা স্টেশনে এখন থেকে চারটি এসি লোকাল ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে।

  • সোম থেকে শনিবার (৩১৮৪৫ আপ ও ৩১৮৪৬ ডাউন): আপ এসি লোকালটি বদকুল্লায় পৌঁছবে ১১:৫৩ মিনিটে (দাঁড়াবে ১ মিনিট)। ডাউন এসি লোকালটি দুপুর ১:৪০ মিনিটে বদকুল্লায় স্টপেজ দেবে।

  • রবিবার (৩১৮৪৭ আপ ও ৩১৮৪৮ ডাউন): আপ ট্রেনটি দুপুর ১:৫৯ মিনিটে এবং ডাউন ট্রেনটি বিকেল ৪:১৫ মিনিটে বদকুল্লায় দাঁড়াবে।

যা বললেন ডিআরএম

শিয়ালদহ বিভাগের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, “পুজোর মুখে শহরতলীর যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং রাতে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সাধারণ মানুষের রেলযাত্রাকে আরও সুবিধাজনক, আধুনিক ও আরামদায়ক করতে শিয়ালদহ ডিভিশন নিরন্তর কাজ করে যাচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *