মহিলাদের মাসে ১৫০০ টাকা দিতে গিয়ে বেহাল দশা! মধ্যপ্রদেশের এই জনপ্রিয় প্রকল্প বন্ধ হওয়ার পথে?

মধ্যপ্রদেশের মহিলাদের জন্য চালু করা অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লাডলী বহনা যোজনা’ (Ladli Behna Scheme) বর্তমানে চরম আর্থিক চাপের মুখে পড়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেলেও, সরকারের ওপর এর বিপুল অর্থনৈতিক বোঝ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর সাফ কথা, এই প্রকল্প যে এতটা বড় আর্থিক চাপ তৈরি করবে, তা তিনি প্রথমে আন্দাজ করতে পারেননি।
ভোপালের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে ‘লাডলী বহনা যোজনা’ নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এত বড় আর্থিক দায়িত্বের মুখোমুখি হতে হবে, তা তিনি আগে বুঝতে পারেননি। বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্প চালাতে গিয়ে সরকারের বছরে প্রায় ২২ হাজার ৬৮০ কোটি টাকা খরচ হচ্ছে, যা কোষাগারের ওপর এক বিরাট চাপ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের আমলে এই প্রকল্পটি শুরু হয়েছিল। শুরুতে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হলেও, তা বাড়িয়ে প্রথমে ১২৫০ এবং পরবর্তীতে ১৫০০ টাকা করা হয়। এমনকি বিজেপি সরকারের তরফ থেকে আগামী দিনে এই অনুদান বাড়িয়ে মাসে ৩০০০ টাকা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
তবে শুধু আর্থিক চাপই নয়, এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৩ সালের জুন মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ২৫ হাজার মহিলাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে নাম নথিভুক্তকরণের কাজও বর্তমানে বন্ধ রয়েছে। ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২০২৬ সালের জানুয়ারি এবং সাম্প্রতিক সময়ে প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ৬০ বছর বয়স হয়ে যাওয়ার কারণে অনেককেই তালিকা থেকে বাদ দেওয়া হলেও, কবে থেকে নতুন নাম নথিভুক্তকরণ ফের শুরু হবে, সে বিষয়ে এখনও সরকারের তরফ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।