মহালয়ার আগে কি পণ্ড হবে পুজোর আনন্দ? আবহাওয়ার খামখেয়ালিপনায় আবহাওয়া দফতর কী জানাল?

আর মাত্র হাতেগোনা কয়েকটি দিনের অপেক্ষা, তারপরেই মহালয়া এবং বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব। ইতিমধ্যেই পুজো পুজো আমেজে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। তবে এই আনন্দের আবহেই মাঝে মাঝে ঝিরিঝিরি কিংবা কখনো ঝেঁপে বৃষ্টি কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের। আবহাওয়ার এমন খামখেয়ালী আচরণে পুজোবাজারের আনন্দ মাটি হওয়ার উপক্রম হয়েছে। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির রেশ থাকলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই শুষ্ক ও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়ে গেছে। এর মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস সবচেয়ে বেশি। এই জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, শুক্রবার থেকেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। বিশেষ করে নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বাকি অঞ্চলে আবহাওয়া মূলত বিচ্ছিন্ন থাকবে। আর শনি ও রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। তবে শনিবারে আবহাওয়া বদল শুরু হবে এবং রবি ও সোমবার থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *