‘সুপ্রিম কোর্টের নাম করে দেশবাসীর সঙ্গে ডাহা মিথ্যা বলেছেন জ্ঞানেশ কুমার!’ সিইসি-কে নিয়ে বিস্ফোরক দাবি সাংসদদের

নয়া দিল্লি: মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সদর দপ্তর ‘নির্বাচন সদন’ অভিমুখে ইন্ডিয়া (INDIA) জোটের বহুচর্চিত পদযাত্রার ঠিক আগেই প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন বিরোধী সাংসদরা। ফর্ম ৬-এর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি স্পষ্ট জানিয়েছে যে তারা এই বদলের কোনও অনুমোদন দেয়নি। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পরেই বিরোধীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি মিথ্যা কথা বলার অভিযোগ
আরজেডি (RJD) সাংসদ মনোজ ঝা সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই স্পষ্ট বার্তার পর আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া যে অসম্ভব, তা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “গতকাল মাননীয় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে তারা ফর্ম ৬-এর কোনও অনুমোদন দেয়নি এবং সব একতরফা সিদ্ধান্ত বাতিল করতে হবে। এরপর আর কী প্রস্তুতি বাকি থাকতে পারে?” দেশের গণতন্ত্রের ‘বিশাল রূপ’ ফিরিয়ে আনার ডাক দিয়ে তিনি বলেন, আজ নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বর্তমানের তলানিতে ঠেকে যাওয়া ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বিরোধী সাংসদরা।

অন্যদিকে, সিইসি-কে আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন সিপিআই (CPI) সাংসদ পি সন্তোষ কুমার। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এর আগে দাবি করেছিল যে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই এই পরিবর্তনগুলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক মন্তব্যের সূত্র ধরে সন্তোষ কুমার বলেন, “গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটা বিবৃতি দিয়ে বলেছিল সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই ওই পরিবর্তনগুলো কার্যকর করা হয়েছে। কিন্তু গতকালের পর্যবেক্ষণের পর পরিষ্কার যে, জ্ঞানেশ কুমার মিথ্যা বলছিলেন এবং সুপ্রিম কোর্টের নাম করে গোটা দেশকে ভুল বোঝাচ্ছিলেন। এটা অত্যন্ত মারাত্মক অপরাধ।” ভোট চুরির অভিযোগের পাশাপাশি ফর্ম ৬-এর বিষয়টি সিইসি-র বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ হয়ে দাঁড়িয়েছে দাবি করে তিনি তীব্র কটাক্ষের সুরে বলেন, “চিফ ইলেকশন কমিশনার মানে এখন একপ্রকার ‘চোর ইলেকশন কমিশনার’ হয়ে দাঁড়িয়েছে।”

সুপ্রিম কোর্টের কড়া বার্তা ও আজকের নির্বাচন সদন অভিযান
সিইসি জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “পরিবর্তিত কোনও ফর্ম ৬-কে আমরা অনুমোদন দিইনি। বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। রেকর্ড পেশ করা হলে আমরা দেখতে চাইব কে এই পরিবর্তন করেছে।”

শীর্ষ আদালতের এই মন্তব্য এবং এসআইআর (SIR) প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগে আজ মঙ্গলবার সকালে রাজধানী দিল্লিতে নির্বাচন সদনের দিকে পদযাত্রা শুরু করেছেন বিরোধী দলগুলির শীর্ষ নেতারা ও সাংসদরা। বিরোধীদের বৃহত্তর ‘সেভ ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের অঙ্গ হিসেবে আয়োজিত এই পদযাত্রার জেরে ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কেন্দ্র বনাম বিরোধী রাজনৈতিক সংঘাত যে আরও চরমে পৌঁছবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *