সবুজের পর গায়ে জড়ালেন গেরুয়া শাড়ি! মাত্র সাত মাসের ব্যবধানে কোন বড় চমক দিলেন টলিউড ক্যুইন কোয়েল?

রাজনীতিতে সমীকরণ বদলাতে সময় লাগে না এক মুহূর্তও! গত ৫ মার্চ ২০২৬ সালে যখন রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), তখন তাঁর পরনে ছিল সবুজ রঙের শাড়ি। আর ঠিক সাত মাসের মাথায়, আজ ৫ অক্টোবর দল বদলে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। তৃণমূলের পথ ছেড়ে আজ বিজেপির (BJP) প্রার্থী হিসেবে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন কোয়েল। আর চমকপ্রদ ব্যাপার হলো, দলবদলের সঙ্গে সঙ্গেই নিজের শাড়ির রঙেও আনলেন বড় পরিবর্তন। আজ বিধানসভায় প্রবেশ করার সময় তাঁর পরনে দেখা গেল গেরুয়া বা কমলা ঘেঁষা শাড়ি, যা সদ্য যোগ দেওয়া পদ্মশিবিরের রঙের সঙ্গেই পুরোপুরি মিলে যায়।
বিজেপিতে যোগ দিয়ে কী বললেন কোয়েল?
আজ বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার আগে মুরলিধর লেনে অবস্থিত রাজ্য বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন কোয়েল মল্লিক। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান যে, মানুষের কল্যাণে কাজ করার জন্যই এই নতুন পথ বেছে নিয়েছেন তিনি।
কোয়েল মল্লিক সংবাদমাধ্যমে বলেন, “রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত ও ধন্য মনে করছি। এটা একটা অনেক বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবেই কাজের ক্ষমতা ও পরিধি বেড়ে যায়। আর তার জন্যই আমি খুবই আনন্দিত। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীকে, যাঁরা আমাকে এই কাজের সুযোগ ও যোগ্য মনে করেছেন।” টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর এই আচমকা দলবদল ও রাজ্যসভার প্রার্থী হওয়ার ঘটনায় এখন সরগরম রাজ্য রাজনীতি।