তিন মাসের মধ্যে ফের রেকর্ড! ৬ লক্ষ কোটি টাকা বাড়িয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী তথা প্রযুক্তি মহারথী ইলন মাস্ক সম্পদের দিক থেকে ফের এক অবিশ্বাস্য ইতিহাস গড়লেন। প্রায় তিন মাস আগে স্পেসএক্স-এর (SpaceX) প্রাথমিক গণপ্রস্তাবের (IPO) পর তিনি প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করেছিলেন। যদিও মাঝের সময়ে তাঁর সম্পদ কিছু কমে গিয়েছিল এবং তিনি ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তাঁর কোম্পানিগুলির শেয়ারের দাম চলায় তিনি আবারও এক ট্রিলিয়ন ডলারের ক্লাবে ফিরে এলেন। শুধু তাই নয়, সোমবার একদিনেই তাঁর মোট সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬.২৬ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
ফের ট্রিলিয়নিয়ারের আসনে ইলন মাস্ক
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে, সোমবার বিশ্বের এই শীর্ষ ধনকুবেরের মোট সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ১.০৪ ট্রিলিয়ন ডলারে। উল্লেখ্য, চলতি বছরেই তাঁর মোট সম্পদ বেড়েছে প্রায় ৫৮৯ বিলিয়ন ডলার, যা এককথায় অভূতপূর্ব। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় ধনী ব্যক্তি ল্যারি পেজ এবং জেফ বেজোসের মোট সম্পদ একত্রিত করলেও তা ইলন মাস্কের ধারেকাছে পৌঁছাতে পারবে না! পেজ ও বেজোসের সম্মিলিত সম্পদ যেখানে ৫৭১ বিলিয়ন ডলার, সেখানে ব্লুমবার্গের তথ্য বলছে—চলতি বছরে একাই ইলন মাস্কের মোট সম্পদ ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন হঠাৎ এত বাড়ল সম্পদ?
ইলন মাস্কের এই বিপুল সম্পদ বৃদ্ধির প্রধান কারণ হলো তাঁর দুই টেক জায়ান্ট কোম্পানি—স্পেসএক্স এবং টেসলার (Tesla) শেয়ারের দাম হু হু করে বৃদ্ধি পাওয়া। সোমবার স্পেসএক্স-এর শেয়ারের দাম এক লাফে ৭.৬৩ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ২.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র অক্টোবর মাসেই স্পেসএক্স-এর শেয়ার ১৩.৪ শতাংশ এবং টেসলার শেয়ার ৭.৬৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। ব্লুমবার্গের সূচক অনুযায়ী, মাস্কের মোট সম্পদের ৯৮ শতাংশেরই বেশি অংশ আসে এই দুই সংস্থায় থাকা তাঁর ব্যক্তিগত অংশীদারিত্ব থেকে।
বগ্ন বিনিয়োগকারীদের আস্থার জয়
উভয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের নতুন করে আস্থার জেরে এই রেকর্ড সম্ভব হয়েছে। সম্প্রতি মরগান স্ট্যানলির এক বিশ্লেষক স্পেসএক্সকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সম্ভাবনা কাজে লাগানোর সেরা ও সবচেয়ে সাশ্রয়ী উপায় হিসেবে অভিহিত করেছেন। এর ফলে শেয়ারবাজারে এক দুর্দান্ত ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাছাড়া, গত সপ্তাহে টেসলা তাঁদের তৃতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি গাড়ি বিক্রির রিপোর্ট পেশ করায় বিনিয়োগকারীদের মনোবল আরও চাঙ্গা হয়েছে।
গত জুন মাসে স্পেসএক্স-এর রেকর্ড-ভাঙা আইপিও-র সুবাদেই তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। যদিও অতিরিক্ত মূল্যায়নের আশঙ্কায় জুলাইয়ের শেষের দিকে তাঁর সম্পদ সাময়িকভাবে অনেকটাই কমে গিয়েছিল, তবে সমস্ত জল্পনা উড়িয়ে মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফের ট্রিলিয়নিয়ারের মুকুট পরে নিলেন ইলন মাস্ক।