বিদেশি মহিলার সঙ্গে উবার চালকের চরম দুর্ব্যবহার! মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় নেটদুনিয়া

ভারতের প্রযুক্তি শহর বেঙ্গালুরুতে ক্যাব ও অটো চালকদের স্বেচ্ছাচারিতা এবং দাদাগিরি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ নতুন কিছু নয়। কিন্তু এবার এই হেনস্থার শিকার হলেন খোদ এক বিদেশি নাগরিক। বেঙ্গালুরুতে বসবাসকারী ডানা মেরি নামের এক মার্কিন মহিলার সঙ্গে ঘটা এমনই একটি অপ্রীতিকর ও চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। চালকের অতিরিক্ত টাকার আবদার ও দুর্ব্যবহারের জেরে রাতের ব্যস্ত রাস্তায় মাঝপথেই গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন ওই বিদেশি পর্যটক। ঠিক কী এমন ঘটেছিল ডানা মেরির সঙ্গে? চলুন জেনে নেওয়া যাক।

উবারের দ্বিতীয় যাত্রাতেই বাঁধে বিপত্তি
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ভীতিপ্রদ অভিজ্ঞতার কথা শেয়ার করে ডানা মেরি জানিয়েছেন, শহরের তীব্র যানজট এবং পার্কিংয়ের ঝামেলা এড়াতেই তিনি একটি উবার ক্যাব বুক করেছিলেন। তাঁর প্রথম যাত্রার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল এবং তিনি নিরাপদে গন্তব্যে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় যখন তিনি বাড়ি ফেরার জন্য ফের আরেকটি উবার বুক করেন।

যাত্রা শুরুর মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যে চালক আচমকাই অ্যাপে দেখানো ভাড়াকে ‘কম’ বলে গাড়ি থামাতে বলেন। শুধু তাই নয়, রাস্তার টোল ট্যাক্স মেটানোর জন্য তিনি ডানার কাছে অতিরিক্ত নগদ টাকার দাবি জানান।

“আমি আর এক টাকাও দেব না!”
চালক অতিরিক্ত টাকা দাবি করায় তীব্র প্রতিবাদ জানান ডানা মেরি। তিনি চালককে পরিষ্কার জানিয়ে দেন যে, উবার অ্যাপে যে ভাড়া দেখানো হয়েছে, তার মধ্যেই সমস্ত টোল ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। অতীতেও তিনি একাধিকবার এই একই পথ দিয়ে যাতায়াত করেছেন, কিন্তু কোনো চালক কখনো এভাবে আলাদা করে টোল বা অতিরিক্ত টাকা চাননি। চালক যদি এই নিয়মে সন্তুষ্ট না হন, তবে তিনি সরাসরি উবার কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন বলেও জানান ডানা।

কিন্তু ডানার এই প্রতিবাদই কাল হয়ে দাঁড়ায়। তাঁর কথা মানতে নারাজ হওয়ায় চালক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একটি ব্যস্ত ও জনবহুল চৌরাস্তার মাঝে তাঁকে জোর করে গাড়ি থেকে নেমে যাওয়ার নির্দেশ দেয়। রাতের বেলায় সম্পূর্ণ অপরিচিত ও অনিরাপদ পরিবেশে মাঝপথে নামতে অস্বীকৃতি জানালে চালক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

অবশেষ চরম নিরাপত্তাহীনতার মাঝে গাড়ি থেকে নেমে পড়তে বাধ্য হন ডানা। পরবর্তী একটি নিরাপদ ক্যাবের জন্য তাঁকে দীর্ঘ ১০ মিনিট রাস্তার ধারে অপেক্ষা করতে হয়। তবে সৌভাগ্যবশত, কিছুক্ষণের মধ্যেই অন্য এক সৎ চালক এসে পৌঁছান এবং কোনো অতিরিক্ত ভাড়া ছাড়াই তাঁকে নিরাপদে তাঁর গন্তব্যে পৌঁছে দেন।

উবারের প্রতিক্রিয়া ও নেটিজেনদের ক্ষোভ
ঘটনার পরপরই ডানা মেরি অবিলম্বে উবার কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে পুরো বিষয়টি জানান। উবার কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, টোল ট্যাক্স ভাড়ার সঙ্গেই যুক্ত ছিল এবং চালকের সেই অতিরিক্ত টাকা চাওয়ার দাবি সম্পূর্ণ বেআইনি ও মিথ্যা ছিল। এরপর ডানা ক্যাবটির নম্বর (KA52B5047) সহ সমস্ত তথ্য উবারের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে দায়ের করেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই ক্ষোভে ফেড়ে পড়েছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এই ধরনের অসাধু চালকদের লাইসেন্স বাতিল করে কঠোর শাস্তি দেওয়া উচিত।” অন্য এক ইউজারের মতে, বেঙ্গালুরুর রাস্তায় যেভাবে প্রতিদিন ক্যাব ও অটো চালকদের স্বেচ্ছাচারিতা বাড়ছে, তাতে শহরের সুনাম দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *