ছাত্র সংসদ নির্বাচন বন্ধের মাঝেই বড় রায়! বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা নিয়ে হাই কোর্ট কী জানাল?

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে (University) দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে স্টুডেন্টস কাউন্সিলগুলি সঠিকভাবে কাজ করতে পারছে না— এই অভিযোগ তুলে সম্প্রতি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সোমবার সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল আদালতে। মামলার শুনানিতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণ পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিশেষ করে রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কী জানাল ডিভিশন বেঞ্চ?
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক রাখতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটি সুস্থ ও অনুকূল পড়াশোনার পরিবেশ বজায় রাখতে হবে এবং সেখানে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না।
ক্যাম্পাসের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে সোমবার আদালতে নিজেদের রিপোর্ট জমা দেয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলির পক্ষ থেকে জানানো হয় যে, ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে কঠোর লাগাম টানা হয়েছে এবং গোটা চত্বর সিসিটিভির কড়া নজরদারির আওতায় আনা হয়েছে।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় নিয়ে বিশেষ নির্দেশ
শুনানি চলাকালীন বিশেষ করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ওপর বাড়তি জোর দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট করে জানান যে, যেহেতু এটি একটি মহিলা বিশ্ববিদ্যালয়, তাই এর নিরাপত্তায় কোনোভাবেই যেন কোনো খামতি না থাকে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ওই দিন আদালতের তরফে রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়গুলিকেও এই সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।