এক ধাক্কায় ৬ হাজার টাকা দাম বাড়ল গুগলের জনপ্রিয় ফোনের! পিক্সেলপ্রেমীদের জন্য বড় ধাক্কা

প্রযুক্তি দুনিয়ায় ফের বড়সড় ধাক্কা। স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর নয়, বরং পকেটে টান পড়ার মতো খবর শোনাল টেক জায়ান্ট গুগল। ভারতে লঞ্চের রেশ কাটতে না কাটতেই এক ধাক্কায় ৬,০০০ টাকা দাম বেড়ে গেল জনপ্রিয় স্মার্টফোন গুগল পিক্সেল ১০এ (Google Pixel 10a)-এর। বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাব এবার সরাসরি গিয়ে পড়ল সাধারণ গ্রাহকদের বাজেটের ওপর।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে যখন এই ফোনটি লঞ্চ হয়েছিল, তখন এর প্রাথমিক মূল্য রাখা হয়েছিল ৪৯,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ একটি মাত্র ভ্যারিয়েন্টেই এটি বাজারে এসেছিল। কিন্তু সম্প্রতি গুগলের ইন্ডিয়া স্টোর সূত্রে জানা গিয়েছে, ফোনটির নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৯৯৯ টাকা। অর্থাৎ, আগের তুলনায় প্রায় ৬,০০০ টাকা বেশি খরচ করতে হবে গ্রাহকদের।
শুধু ভারত নয়, বিশ্বজুড়েই দাম বৃদ্ধি
মূল্যবৃদ্ধির এই ট্রেন্ড কেবল ভারতেই সীমাবদ্ধ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রেও ফোনটির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আমেরিকার বাজারে ১২৮ জিবি মডেলটির দাম ৪৯৯ ডলার থেকে বাড়িয়ে সোজা ৫৯৯ ডলার করা হয়েছে। পাশাপাশি, ২৫৬ জিবি মডেলটির বর্তমান দাম গিয়ে ঠেকেছে ৬৯৯ ডলারে।
দাম বাড়ার আসল কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, পিক্সেল ১০এ-এর এই হঠাৎ মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বাজার। বর্তমানে এআই (AI) ডেটা সেন্টারের চাহিদা আকাশছোঁয়া হওয়ার কারণে র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম হু হু করে বাড়ছ। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে স্মার্টফোন উৎপাদনের খরচে। ফলস্বরূপ, বাধ্য হয়েই দাম বাড়াতে হচ্ছে সংস্থাগুলিকে।
ব্যাংক অফারে কিছুটা স্বস্তি
হঠাৎ এই দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়লেও, কিছুটা স্বস্তির খবর হলো ব্যাংক ডিসকাউন্টের সুযোগ। নতুন দামের পরেও ফোনটি কেনার সময় বিভিন্ন ব্যাংক অফার ব্যবহার করতে পারেন গ্রাহকরা। নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই-এ কিনলে মিলতে পারে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া রয়েছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও। বাজারে বেরি, ফগ, ল্যাভেন্ডার এবং অবসিডিয়ান—এই চারটি আকর্ষণীয় রঙে উপলব্ধ রয়েছে ফোনটি।
একনজরে পিক্সেল ১০এ-এর শক্তিশালী ফিচার্স:
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি অ্যাকচুয়া পিওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস। স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৭আই।
প্রসেসর ও পারফরম্যান্স: গুগল টেনসর জি৪ চিপসেট এবং টাইটান এম২ সিকিউরিটি কো-প্রসেসর। ফোনটি চলে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে। সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৮ রেটিং।
ক্যামেরা: OIS সহ ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১২০-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার।