“শুধু টক্সিসিটি আর কাজের অভাব!” বিজেপিতে যোগ দিয়েই বোমা ফাটালেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তিনি। আজই রাজ্যসভার নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন অভিনেত্রী। তার আগে মুরলিধর লেনে রাজ্য বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান।
উল্লেখ্য, অতীতে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেও রাজ্যে রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের পর তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর থেকেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করেই আজ বিজেপিতে যোগ দিলেন কোয়েল।
যোগদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে কোয়েল বলেন, “রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। মানুষের সেবা করার জন্য এই বড় প্ল্যাটফর্ম পাওয়ায় কাজের পরিধি আরও বাড়বে।”
কেন হঠাৎ বিজেপিতে যোগদান?
দলবদলের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, “শেষ কয়েক মাস ধরে বাংলায় যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে, তা অত্যন্ত আনন্দের। মানুষ রাজ্যের সার্বিক উন্নয়ন চায়। শুধু সংবাদপত্রে সমস্যা দেখে আফসোস করার চেয়ে সরাসরি ময়দানে নেমে সেই পরিবর্তনের অংশীদার হতেই আমার এই সিদ্ধান্ত।”
একই সঙ্গে বর্তমান সোশ্যাল মিডিয়ার পরিবেশ ও রাজ্যের শিক্ষার হাল নিয়েও কড়া বার্তা দেন তিনি। কোয়েল বলেন, “সোশ্যাল মিডিয়ায় এত টক্সিসিটি কেন বাড়ছে? কারণ কাজের অভাব। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষার মান আরও উন্নত করতে হবে এবং পিছিয়ে থাকা অংশের মানুষদের জন্য সরকারকে আরও বেশি ভাবতে হবে।”