শরৎচন্দ্রের শতবর্ষের পুজোয় আসছে বড় চমক! আবীর-টোটা-মিমির লড়াইতে মজেছে তিলোত্তমা

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ পূর্তি। এই ঐতিহাসিক মুহূর্তকে সেলুলয়েডের ফ্রেমে বাঁধতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর নতুন মেগা প্রজেক্ট ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ট্রেলার লঞ্চের জমকালো আয়োজনে সামতাবেড়ের শরৎকুঠি যেন এক টুকরো ইতিহাসে পরিণত হয়েছিল।

শরৎকুঠিতে চাঁদের হাট ও ট্রেলার লঞ্চ

বুধবার শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত ও সাধের বসতবাড়ি ‘শরৎকুঠি’র ঠিক পাশেই বসেছিল এই ছবির ট্রেলার লঞ্চের আসর। অনুষ্ঠানের শুরুতে কথাশিল্পীর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানান অভিনেতা টোটা রায়চৌধুরী ও আবীর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ ছবির অন্যান্য কলাকুশলীরাও। প্রিয় তারকাদের চোখের সামনে একঝলক দেখতে সামতাবেড়ে উপচে পড়েছিল সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের ভিড়।

কাকে কোন চরিত্রে দেখা যাবে?

ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একজন লেখকের চিন্তা, কলম ও প্রতিবাদের স্পর্ধা কীভাবে গোটা সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, তারই দলিল এই ছবি। ছবিতে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন টোটা রায়চৌধুরী। অন্যদিকে, বিপ্লবী সব্যসাচী মল্লিকের চরিত্রে ধরা দেবেন আবীর চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় সঞ্জয় নাগ।

বাংলা সাহিত্য, ইতিহাস এবং চলচ্চিত্রের এক অপূর্ব মেলবন্ধন দেখতে মুখিয়ে রয়েছে গোটা রাজ্য। পুজোয় বড়পর্দায় এই পিরিয়ড ড্রামা কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *