আর মাত্র ১০ দিন! পুজোর আগেই কলকাতা সহ পুরো রাজ্যে হাওয়া বদল, আবহাওয়ায় আসছে বড় চমক

রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর মাত্র দিনদশেকের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায়বার্তা ঘোষণা করতে চলেছে আলিপুর আবহাওয়া অফিস। যার ফলে এ বছরের দীর্ঘ বর্ষার মরশুম এবার সমাপ্তির পথে।
দেশজুড়ে বর্ষা বিদায়ের রেখাটি ইতিমধ্যেই ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এর ঠিক ৭ থেকে ৮ দিনের মধ্যেই বঙ্গেও যে পাকাপাকিভাবে বর্ষার বিদায়ঘণ্টা বেজে যাবে, তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
বাংলাদেশের ওপর অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যে বড় ধরনের ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। তবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়ে যাওয়ার কারণে শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদ। পাশাপাশি, আর্দ্রতাজনিত অস্বস্তিতে পুড়বে কলকাতা। শনিবার থেকে আগামী ছয় দিন শহরে বৃষ্টির সম্ভাবনা ক্রমেই কমবে। অন্যতিকে, উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেও আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে তা অনেকটাই কমে যাবে।
সেপ্টেম্বরের রেকর্ড বৃষ্টিপাত
এল নিনোর চোখরাঙানি ও নানা প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় মোট ৫৫৭.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ১৯০০ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত সেপ্টেম্বরের বৃষ্টির পরিসংখ্যানের নিরিখে এই অঙ্কটি বেশ নজর কেড়েছে। অতীতে ১৯০০ সালের সেপ্টেম্বরে কলকাতায় ১১৫৭ মিলিমিটার এবং ১৯৭৮ সালের বন্যায় ৮৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই ঐতিহাসিক তালিকার ঠিক পরেই নিজের জায়গা করে নিল চলতি বছরের সেপ্টেম্বর মাসের বৃষ্টি।