পুজো থেকে ছট—উত্তরবঙ্গবাসীর যাতায়াতে বড় স্বস্তি! এনজেপি থেকে কলকাতার জন্য স্পেশাল ট্রেনের টাইমটেবিল দেখে নিন

দুর্গাপুজা, দীপাবলি ও ছটপুজোর মতো উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গ থেকে বাড়ি ফেরার যাত্রীদের অতিরিক্ত ভিড় ও যাতায়াতের দুর্ভোগ সামাল দিতে এক বিরাট সিদ্ধান্ত নিল রেলওয়ে। উত্তরবঙ্গের যাত্রীদের সুবিধার কথা সম্পূর্ণ মাথায় রেখে নিউ জলপাইগুড়ি (NJP) থেকে কলকাতার পথে একজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের জন্য উৎসবের এই সময় অতিরিক্ত এই রেল পরিষেবা অত্যন্ত সহায়ক হতে চলেছে।

ট্রেনের সময়সূচি ও চলাচলের দিনগুলি
রেল সূত্রে জানানো হয়েছে, ০৩১৩০ নম্বর নিউ জলপাইগুড়ি–কলকাতা বিশেষ ট্রেনটি নির্ধারিত নির্দিষ্ট দিনে চলাচল করবে:

সময়: এনজেপি থেকে ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে কলকাতায় পৌঁছবে রাত ১২টা ৪০ মিনিটে।

দিনগুলি: অক্টোবর মাসের ১৮, ১৯, ২৫ ও ২৬ তারিখ এবং নভেম্বর মাসের ১, ২, ৮, ৯, ১৫, ১৬, ২২, ২৩, ২৯ ও ৩০ তারিখ—অর্থাৎ মোট ১৪ দিন এই বিশেষ ট্রেনটি এনজেপি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।

এর ফলে দুর্গাপুজোর আমেজ থেকে শুরু করে দীপাবলি ও ছটপুজো পর্যন্ত উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য বাড়তি রেল পরিষেবার সুবিধা মিলবে।

রুট ও স্টপেজ তালিকা
নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে কলকাতার অভিমুখে যাওয়ার পথে ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। প্রধান স্টপেজগুলির মধ্যে রয়েছে—

কিশানগঞ্জ: দুপুর ১টা ৫৫ মিনিট (ছেড়বে ১টা ৫৭ মিনিটে)

মালদা টাউন: বিকেল ৫টা ১০ মিনিট (ছেড়বে ৫টা ২০ মিনিটে)

কাটোয়া: রাত ৯টা (ছেড়বে ৯টা ২ মিনিটে)

নৈহাটি: রাত ১১টা ৩৮ মিনিট (ছেড়বে ১১টা ৪০ মিনিটে)

কলকাতায় আগমন: রাত ১২টা ৪০ মিনিট।

এছাড়াও, এই বিশেষ ট্রেনটিতে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা জংশন, বারসই এবং আলুয়াবাড়ি রোড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও থামার ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনটিতে মোট ২২টি আধুনিক কোচ যুক্ত করা হয়েছে, যার মধ্যে ৪টি এসি থার্ড ক্লাস (3AC), ১০টি স্লিপার কোচ, ৬টি সাধারণ দ্বিতীয় শ্রেণির (General) কোচ এবং ২টি এসএলআর কোচ রয়েছে। এর ফলে সব শ্রেণির যাত্রীরাই তাঁদের সুবিধা অনুযায়ী এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।

কলকাতা থেকে এনজেপির ফিরতি স্পেশাল ট্রেন
শুধু উত্তরবঙ্গ থেকে নয়, বিপরীত দিক থেকেও যাত্রীদের চাপ কমাতে ০৩১২৯ নম্বর কলকাতা–নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেনটি নির্দিষ্ট দিনে চলাচল করবে। কলকাতা থেকে এই ট্রেনটি ছাড়বে অক্টোবরের ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ তারিখে এবং নভেম্বরের ১, ৭, ৮, ১৪, ১৫, ২১, ২২, ২৮ ও ২৯ তারিখে। কলকাতা থেকে এটি রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে। উৎসবের মরশুমে উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে নিয়মিত যাত্রীচাপ সামলাতে দু’দিকেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকায় ঘরে ফেরা মানুষদের যাতায়াত আরও অনেক বেশি মসৃণ ও স্বস্তিদায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *