রামচন্দ্রকে সলমন-অমিতাভ বানিয়ে দিয়েছেন! নিতেশের ‘রামায়ণ’র ট্রেলার দেখে চরম ক্ষোভে ফেটে পড়লেন মুকেশ খান্না

বলিউডের অন্যতম বহুপ্রতীক্ষিত এবং মেগা বাজেট প্রজেক্ট নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই ছবি নিয়ে যখন সর্বত্র চর্চা তুঙ্গে, ঠিক তখনই ছবির ট্রেলার নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ অভিনেতা তথা বিআর চোপড়ার ‘মহাভারত’-এর ‘ভীষ্ম পিতামহ’ ও ‘শক্তিমান’ খ্যাত মুকেশ খান্না। ছবিতে রামচন্দ্রের চরিত্রায়ণ এবং অতিরিক্ত ভিএফএক্স ও অ্যাকশনের ব্যবহার নিয়ে তীব্র আপত্তি তুলেছেন তিনি।
রামচন্দ্রকে অ্যাকশন হিরো বানানোর অভিযোগ
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোজাসুজি ক্ষোভ উগরে দিয়ে মুকেশ খান্না দাবি করেন, বড়পর্দায় ভগবান রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ হিসেবে ফুটিয়ে না তুলে তাঁকে অযথা এক ‘ধুরন্ধর’ অ্যাকশন হিরো বানানোর চেষ্টা করা হয়েছে। ট্রেলারে রামচন্দ্রের গাছে চড়ে তির ছোঁড়ার একটি দৃশ্য দেখে তিনি বিশেষভাবে খাপ্পা হন। অভিনেতার মতে, “আপনারা রামচন্দ্রকে সলমন খান, অমিতাভ বচ্চন বা রজনীকান্ত বানিয়ে দিয়েছেন! রাম তো সর্বদা মৃদু হাসতেন, এমনকি সমুদ্র পার হওয়ার সময়ও তিনি হাত জোড় করে পথ ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন।”
নির্মাতাদের কটাক্ষ করে তিনি আরও প্রশ্ন তোলেন, শ্রীরামকে যদি হলিউডের ক্লিন্ট ইস্টউডের মতো অ্যাকশন হিরো বানিয়েই দেওয়া হয়, তবে লঙ্কাজয়ে তাঁর বানর সেনার সাহায্যের প্রয়োজন পড়েছিল কেন?
প্রযুক্তি ও ভিএফএক্স নিয়ে তোপ
শুধু অ্যাকশন বা মারকাট দৃশ্যই নয়, ছবিতে মাত্রাতিরিক্ত স্পেশাল ইফেক্টস এবং প্রযুক্তির ব্যবহারেরও তীব্র সমালোচনা করেছেন মুকেশ খান্না। তাঁর সাফ কথা, হয়তো ‘স্টার ওয়ার্স’-এর সঙ্গে তুলনা টেনে এই ছবি কোটি কোটি টাকা ব্যবসা করে নেবে, কিন্তু ভারতের মাটিতে ছবি বানাতে গেলে মানুষের বিশ্বাস ও আবেগকে সম্মান জানানো সবচেয়ে বেশি জরুরি। দর্শকরা প্রেক্ষাগৃহে শুধুই প্রযুক্তি দেখতে যান না।
উল্লেখ্য, দুই পর্বে মুক্তি পেতে চলা এই মেগা প্রজেক্টে রণবীর কাপুরের পাশাপাশি সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ ছাড়াও অরুণ গোভিল, সানি দেওল ও লারা দত্তর মতো তারকারা অভিনয় করছেন। চলতি বছরেই দীপাবলিতে ছবিটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে।