একা ডেটে যাওয়ার দিন শেষ! যুগলবন্দী থেকে সোজা গ্রুপ ডেটিংয়ের নতুন ফিচার এনে হইচই ফেলে দিল জনপ্রিয় এই অ্যাপ

ডেটিংয়ের অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিতে বাজারে এক অভাবনীয় ফিচার নিয়ে হাজির হলো জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder)। এতদিন একা বা কেবল যুগল হিসাবে ডেটিংয়ের সুযোগ থাকলেও, এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে ‘গ্রুপ হ্যাংআউটস’ (Group Hangouts) নামক একটি নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের বন্ধুদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে অন্য আরেকটি গ্রুপের সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারবেন।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
টিন্ডারের জনপ্রিয় ‘ডবল ডেট’ ফিচারের আদলেই তৈরি করা হয়েছে এই নতুন পরিষেবা। তিন বা তার বেশি ব্যবহারকারী মিলে একটি গ্রুপ তৈরি করতে পারবেন এবং সেখানে নির্দিষ্ট কোনো অ্যাক্টিভিটি বা পরিকল্পনা বেছে নেওয়া যাবে। এরপর টিন্ডারের ডিসকভারি ফিডে সাধারণ প্রোফাইলের পাশাপাশি এই গ্রুপ প্রফাইলগুলিও শো করবে।
যদি দুটি আলাদা গ্রুপ একে অপরকে লাইক করে এবং উভয় পক্ষের অন্তত একজন সদস্য আগ্রহ দেখান, তবে সঙ্গে সঙ্গে একটি গ্রুপ চ্যাট উইন্ডো খুলে যাবে। সেখানেই একসঙ্গে ঘোরাঘুরি বা আড্ডার পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।
কোথায় এবং কীভাবে মিলবে এই সুবিধা?
প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ায় এই ফিচারের সফল পরীক্ষার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু নির্দিষ্ট অঞ্চলে এটি চালু করা হয়েছে। তবে খুব শীঘ্রই বিশ্বব্যাপী সমস্ত ব্যবহারকারীদের জন্য এটি রোল আউট করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ১৮ বছর বা তার বেশি বয়সি সমস্ত টিন্ডার ব্যবহারকারী সম্পূর্ণ বিনামূল্যে এই নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। একা যাওয়ার ভয় বা জড়তা কাটিয়ে বন্ধুদের দলবল নিয়ে ডেটিংয়ের এই নতুন ট্রেন্ড তরুণ প্রজন্মের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।