বেহাল রাস্তা আর ট্রাফিক জ্যামের যন্ত্রণায় অতিষ্ঠ! এসআইআর ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ প্রাক্তন বিচারপতির

খারাপ রাস্তা এবং দীর্ঘ যাত্রার ধকল পোহাতে না পেরে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। বেহাল রাস্তা এবং যাতায়াতের তীব্র সমস্যার কারণ দেখিয়ে এসআইআর (SIR) ট্রাইব্যুনালের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠিয়েছেন প্রাক্তন বিচারপতি। জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি সল্টলেকে। বর্তমানে যে এসআইআর ট্রাইব্যুনাল চলছে, তার সেন্টার পড়েছে জোঁকায়। সল্টলেক থেকে জোঁকার এই দীর্ঘ দূরত্ব এবং যাতায়াতের বেহাল দশার কারণে তাঁকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। প্রধান বিচারপতির কাছে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, পাইলট কার নিয়ে যাতায়াত করলেও সল্টলেক থেকে জোঁকা পৌঁছাতে এবং সেখান থেকে ফিরতে প্রতিদিন দেড় থেকে চার ঘণ্টার বেশি সময় নষ্ট হচ্ছে। রাস্তার বেহাল দশা ও তীব্র ট্রাফিক জ্যামের কারণেই তাঁর পক্ষে এই দৈনন্দিন যাতায়াত চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না। তবে চিঠিতে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, যদি তাঁকে সল্টলেকের কাছাকাছি কোনো স্থানে বসে কাজ করার সুযোগ দেওয়া হয় বা বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করা হয়, তবে তিনি বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর থেকে তাঁর এই ইস্তফার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি এসআইআর ট্রাইব্যুনালে সুনামের সঙ্গে কাজ করছেন। এর আগেও বিভিন্ন কারণে বেশ কয়েকজন বিচারপতি ট্রাইব্যুনালের কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। এমনকি এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও এই ট্রাইব্যুনালের কাজ থেকে ইস্তফা দিয়েছিলেন। একের পর এক বিচারপতির এভাবে সরে দাঁড়ানোর ফলে ট্রাইব্যুনালের কাজ কতটা দ্রুত গতিতে এগোবে, তা নিয়ে ওয়াকিবহাল মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *