৪৪ বছরের খরা কাটবে কি? দক্ষিণ কোরিয়াকে ধূলিসাৎ করে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মেয়েরা!

এশিয়ান গেমস ২০২৬-এ (Asian Games 2026) দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে ফাইনালে জায়গা করে নিল ভারতীয় মহিলা হকি দল। সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে সোনা জয়ের লড়াইয়ের টিকিট পাকা করলেন সালিমা তেতেরা। আগামী শুক্রবার স্বর্ণপদক জয়ের মেগা ফাইনালে শক্তিশালী চিনের মুখোমুখি হবে ভারত। দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা জয়ের হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে।

সেমিফাইনালে কোরিয়া বধ: এদিন সেমিফাইনালের শুরু থেকেই দুই দলের মধ্যে কড়া লড়াই দেখতে পাওয়া যায়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, তৃতীয় কোয়ার্টারে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। খেলার ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারের দুর্দান্ত ভ্যারিয়েশন থেকে গোল করে ভারতকে প্রথম এগিয়ে দেন ইশিকা চৌধুরী। এর ঠিক চার মিনিটের মাথাতেই ফের সাফল্য পায় ভারত। ৪৮ মিনিটে অধিনায়ক সালিমা তেতের একটি নিখুঁত কাটব্যাক কোরিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে সরাসরি জালে জড়িয়ে যায়।

এর পর ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালালেও, ভারতীয় রক্ষণভাগের জমাট প্রাচীর ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত কোরিয়াকে আর কোনো সুযোগ না দিয়ে ২-০ গোলের পরিষ্কার জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সোনার হাতছানি ও ইতিহাস গড়ার সুযোগ: গ্রুপ লিগের ৫টি ম্যাচেই জয় পেয়ে মোট ৬৬টি গোল করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় মেয়েরা। গত এশিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। তবে এবার সালিমা তেতে, ইশিকা চৌধুরীরা যেভাবে দুরন্ত ছন্দে খেলছেন, তাতে দীর্ঘ ৪৪ বছরের খরা কাটিয়ে দেশের মেয়েরা সোনা জিতে ইতিহাস গড়বেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশ। অন্যদিকে, এই টুর্নামেন্টের পুরুষ বিভাগের সেমিফাইনালে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *