৯/১১ হামলার ছক ককপিটে! মাঝ আকাশে পাইলটকে ছুরি মেরে বিমান নামাতে চাইলেন সহ-পাইলট, তারপর যা ঘটল

মাঝ আকাশে ৯/১১ (9/11) হামলার ধাঁচে বিমান নিয়ে আত্মঘাতী হওয়ার এক ভয়াবহ ও রোমহর্ষক ছক সামনে এল। দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের (FlyDubai) একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ (Boeing 737 Max 8) বিমানে ককপিটের ভেতরেই দুই পাইলট রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন। এই আকস্মিক ঘটনায় প্রায় ১৮০ জন যাত্রীর প্রাণবায়ু ওড়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত যাত্রীদের চরম সাহসিকতা এবং পেছনের আসনে থাকা দুই অভিজ্ঞ পাইলটের তৎপরতায় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটিকে নিরাপদে অবত করানো সম্ভব হয়।

মাঝ আকাশে ঠিক কী ঘটেছিল? সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে উড়েছিল বিমানটি। মাঝ আকাশে ৩৪ হাজার ফুট উচ্চতায় আচমকাই ককপিট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) বিমান হাইজ্যাকের জরুরি সঙ্কেত পৌঁছায়। পরিস্থিতি বেগতিক দেখে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেন।

তদন্তে জানা গিয়েছে, ওমানের এক নাগরিক তথা অভিযুক্ত পাইলট আমেরিকার ৯/১১ হামলার আদলে যাত্রীদের নিয়ে বিমানটিকে আছড়ে ফেলে আত্মঘাতী হতে চেয়েছিলেন। তাঁকে বাধা দিতে গেলে অন্য পাইলটের ওপর তিনি চড়াও হন এবং ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান। এর জেরে রক্তাক্ত হয়ে পড়ে ককপিট। ধস্তাধস্তির সময়েই ইমার্জেন্সি বোতাম টিপে যাওয়ায় হাইজ্যাকের বার্তা চলে যায়। শুধু তাই নয়, মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি ৩৪ হাজার ফুট থেকে ১৮ হাজার ফুট উঁচুতে নেমে আসায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীদের সাহসিকতায় বড় বিপদের হাত থেকে রক্ষা: বিমানের ভেতরে রক্তার্তি কাণ্ড ও আত্মঘাতী চেষ্টার বিষয়টি টের পেতেই সাহসিকতার পরিচয় দেন যাত্রীরা। পিছনের আসনে ভ্রমণকারী দুই যাত্রী, যাঁরা পেশায় পাইলট ছিলেন, তাঁরা দ্রুত ককপিটে ছুটে যান। অভিযুক্ত পাইলটকে কাবু করে ফেলার পর ওই দুই যাত্রীই বিমানটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন এবং সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

ঘটনার পরই ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ (Mossad) এবং নিরাপত্তা সংস্থা শিন বেট (Shin Bet) পুরো বিষয়টি নাশকতার দিক থেকে খতিয়ে দেখছে। ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আতঙ্কিত যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *