অনুব্রতর পার্টি অফিসে তাণ্ডব! কলার ধরে শাসানি থেকে শুরু করে এসি-গাড়ি ভাঙচুর, সিউড়িতে চরম উত্তেজনা

প্রকাশ্য দিবালোকে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল। হাতে লাঠি ও চেলাকাঠ নিয়ে সোজা পার্টি অফিসে ঢুকে তাঁকে কলার ধরে শাসানি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, এসি এবং অনুব্রতর নিজস্ব গাড়িতেও। এই আকস্মিক হামলায় টেবিলের কাঁচ ভেঙে অনুব্রত মণ্ডল সামান্য আহত হয়েছেন বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়িতে নিজের দলীয় কার্যালয়ে বসেছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় হঠাৎই লাঠি ও চেলাকাঠ হাতে তিন জন ব্যক্তি জোর করে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, হামলাকারীরা অনুব্রতর কলার ধরে তাঁকে শাসানি দেয় এবং অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল, এসি যত্রতত্র ভাঙচুর করতে শুরু করে। এমনকি বাইরে দাঁড় করিয়ে রাখা তাঁর গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ভাঙচুরের সময় টেবিলের কাঁচ ভেঙে আহত হন অনুব্রত। ঘটনার খবর পেয়ে দ্রুত সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং ঠিক কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। হঠাৎ এমন ঘটনায় গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *