শিক্ষকের চোখের সামনেই ক্লাসরুমে সহপাঠীকে হত্যার ছক! সাউথ পয়েন্টের রক্তহিম করা কান্ডে চাঞ্চল্য

কলকাতার অন্যতম প্রখ্যাত ও প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাইস্কুলে ঘটে গেল এক রোমহর্ষক ও নৃশংস ঘটনা। ক্লাস চলাকালীন খোদ শিক্ষকের সামনেই নবম শ্রেণির এক ছাত্রের ওপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে গোটা স্কুল চত্বরে এবং অভিভাবক মহলে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নবম শ্রেণির একটি ক্লাসে নিয়মিত পঠ্যপাঠন চলছিল এবং ক্লাসে শিক্ষকও উপস্থিত ছিলেন। সেই সময়ই আচমকা পিছনের বেঞ্চে বসা এক ছাত্র পকেট থেকে ধারালো অস্ত্র বের করে সরাসরি তার সহপাঠীর গলার ওপর চালিয়ে দেয়। চোখের পলকে ঘটে যাওয়া এই হামলায় জখম ছাত্রটির গলা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। কীভাবে ছুরি চালালে বা কোথায় আঘাত করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, তা নিয়ে নাকি আগে থেকেই ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যমে খোঁজখবর নিয়ে রেখেছিল অভিযুক্ত ছাত্র।

হঠাৎ এমন রক্তার্ত কাণ্ডে শিক্ষক ও ক্লাসের অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আহত ছাত্রকে প্রথমে স্কুলের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত নিকটস্থ বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

অন্যদিকে, ঘটনার পরেই অভিযুক্ত ছাত্রটিকে সঙ্গে সঙ্গে ক্লাসরুম থেকে সরিয়ে নিয়ে যান শিক্ষক ও কর্মীরা। স্কুলের অভিজ্ঞ মনোবিদদের দিয়ে তার কাউন্সেলিং করানোর পর তার বাবাকে ডেকে পাঠিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্কুল চত্বরের নিরাপত্তা ও শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে বিশেষ পদক্ষেপের কথা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *