“ভ্যানিশ কুমারকে সরাতেই হবে!” দিল্লির বৈঠকে CEC জ্ঞানেশ কুমারকে নিশানা করে চরম হুঙ্কার মমতার

জাতীয় রাজধানীতে ইন্ডিয়া (INDIA) ব্লকের হাইভোল্টেজ বৈঠকে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত এই বিরোধী বৈঠকে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে সোচ্চার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করে বলেন, অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। তাঁর অভিযোগ, বিশেষ প্রক্রিয়া ও সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা যৌথভাবে আগামী দিনে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে।