প্যারিস থেকে ফিরেই ঝড় তুললেন ঐশ্বর্য! এয়ারপোর্ট লুকেই হৃতিকের ‘কৃশ’-এর সঙ্গে তুলনা নেটপাড়ায়

প্যারিস ফ্যাশন উইক ২০২৬-এ নিজের অসাধারণ উপস্থিতি দিয়ে সারা বিশ্বকে মুগ্ধ করার পর অবশেষে দেশে ফিরেছেন বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চন। র‍্যাম্পের গ্ল্যামার ঝরিয়ে যখন তিনি মুম্বই বিমানবন্দরে পা রাখলেন, তখন তাঁর নজরকাড়া এয়ারপোর্ট লুক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্যারিস ফ্যাশন উইকে কালো মখমলের গাউন ও কেপ-ট্রেনে তাক লাগানোর পর, বিমানবন্দর বা ফেরার পথে তাঁর ক্যাজুয়াল অথচ এলিগ্যান্ট স্টাইল সবসময়ই চর্চায় থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন বিমানবন্দরে ঐশ্বর্যকে দেখা যায় একটি ঢিলেঢালা নীল প্যান্ট, ক্যাজুয়াল কালো ভি-নেক টপ এবং তার ওপর একটি অভিজাত লম্বা লেদার জ্যাকেট বা লং কোটে। এই আইকনিক লেদার কোটটি তাঁর সাধারণ সাজপোশাককে এক লহমায় সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল।

পোশাকের পাশাপাশি এবার ভক্তদের নজর কেড়েছে তাঁর হেয়ার কালার ও স্টাইল। লালচে আভা-যুক্ত নরম ঢেউখেলানো চুল, গাঢ় লাল লিপস্টিক এবং সানগ্লাসে তাঁকে অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল। তবে এই লুকে হাজির হতেই নেটিজেনদের একাংশ তাঁর লম্বা লেদার কোটটির সঙ্গে হৃতিক রোশনের বিখ্যাত ‘কৃশ’ চরিত্রের সাজের অদ্ভুত মিল খুঁজে পান। যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশ্বমঞ্চের গ্ল্যামার ঝরিয়ে ঐশ্বর্যের এই নতুন দেশীয় এয়ারপোর্ট লুক এই মুহূর্তে ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *