১ মাসের সন্তানকে বেচে দামি আইফোন আর সোনার চেন! বাবা-মায়ের এই কদর্য রূপ দেখলে শিউরে উঠবেন

এক মাসের সদ্যোজাত সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে সেই টাকায় দামি মোবাইল ফোন ও সোনার চেন কেনার অভিযোগ উঠল খোদ বাবা-মায়ের বিরুদ্ধে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার গভীরে গিয়ে পুলিশ একটি বড়সড় আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের সন্ধান পেয়েছে এবং এই ঘটনায় যুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্রপতি সম্ভাজিনগরের মুকুন্দওয়াড়ি এলাকায় এক মহিলার হাতে যখন ওই এক মাসের শিশুকে তুলে দেওয়ার বন্দোবস্ত চলছিল, তখনই বিষয়টি পুলিশের নজরে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অত্যন্ত নির্মমভাবে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ওই দুধের শিশুকে প্রথম বিক্রি করেছিল তার নিজের বাবা-মা। সেই টাকায় দুটি দামি স্মার্টফোন এবং একটি সোনার চেন কিনেছিলেন তাঁরা, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্ত এগোতেই আরও ভয়াবহ তথ্য সামনে আসে। পুলিশের দাবি, জন্ম নেওয়ার পর থেকে মাত্র এক মাসের মধ্যে ওই শিশুটিকে অন্তত চারবার বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হয়েছে। প্রথম হাতবদল হয়ে শিশুটি যায় সীমা রেশওয়াল নামের এক মহিলার কাছে। সেখান থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করা হয় পারগাঁওয়ের বাসিন্দা সঙ্গীতা অবধের কাছে। এরপর নন্দেদের সুরেশ গুন্টুকা নামের এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় শিশুটিকে কেনেন। সবশেষে, চতুর্থ ধাপে সুরেশ সেই শিশুকে হায়দরাবাদের এক আত্মীয় উমা খাটকামের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে তুলে দেন।
শিশুর মা-বাবার এমন জঘন্য লোভ এবং আন্তঃরাজ্য পাচার চক্রের এই চাঞ্চল্যকর জাল দেখে হতবাক তদন্তকারীরাও। পাচার হওয়া শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি চক্রের বাকি পাণ্ডাদের পাকড়াও করতে জোরদার তল্লাশি চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশ।