ডিএমকে-আপ নেই, তবুও দিল্লিতে মহা বৈঠকে ইন্ডি জোট! মোদী সরকারকে ঘিরতে কোন বড় ছক কষছে বিরোধীরা?

লোকসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক সমীকরণে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। আজ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোট। লোকসভা এবং বিধানসভা ভোটের প্রস্তুতি ও কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়াতে এই মেগা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির তরফেও প্রতিনিধি পাঠানো হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে অনুপস্থিত থাকছে ডিএমকে (DMK) এবং আম আদমি পার্টি (AAP)।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠকে মূলত দুটি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এক, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক কর্মসূচি এবং দুই, এসআইআর (SIR) প্রক্রিয়া। সূত্রের খবর, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিরোধী দলগুলি বড় ধরনের আইনি পদক্ষেপের পথে হাঁটতে পারে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন এবং এসআইআর প্রক্রিয়া স্থগিত করার বিষয়ে আইনি লড়াইয়ের রূপরেখা তৈরি হতে পারে আজকের বৈঠকে।
পাশাপাশি, কেন্দ্রকে কোণঠাসা করতে মেগা জনসভার পরিকল্পনাও রয়েছে জোটের অন্দরে। দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জনসভা করার পাশাপাশি কলকাতা, মুম্বই, পটনা ও হায়দরাবাদের মতো বড় বড় শহরগুলিতে যৌথ র্যালি করার জোরালো প্রস্তাব রাখা হয়েছে আলোচনায়। সব মিলিয়ে, আজকের এই হাই-ভোল্টেজ বৈঠকের পর বিরোধী জোটের পরবর্তী রাজনৈতিক ও আইনি কৌশল ঠিক কী হতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।