বিশ্বরেকর্ড গড়ে চিনকে ধুলোয় মিশিয়ে সোনা জয় ভারতের! মোদীর মুখে কোন তারেদের নাম?

আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমস ২০২৬-এর মঞ্চে একের পর এক ঐতিহাসিক সাফল্যের নজির গড়ছে ভারত। শুটিং এবং আর্চারির ময়দানে দেশের হয়ে সোনালি সাফল্য ছিনিয়ে এনেছেন ভারতীয় অ্যাথলিটরা। এই অসামান্য কৃতিত্বের জন্য ভারতের শুটার জুটি নীরু ধান্দা ও কাইনান চেনাই এবং মহিলা কম্পাউন্ড আর্চারি দলের ত্রয়ী—জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেকর্ড গড়ে সোনা জয় শুটার ও আর্চারদের: চলতি এশিয়ান গেমসের মিক্সড ট্র্যাপ টিম শুটিং ইভেন্টে সোনা জিতেছেন নীরু ধান্দা ও কাইনান চেনাই জুটি। ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে এটি ভারতের প্রথম স্বর্ণপদক তো বটেই, পাশাপাশি তাঁরা নতুন এশিয়ান রেকর্ডও গড়েছেন। এর আগে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টেও সোনা জিতে দেশের প্রথম মহিলা হিসেবে ইতিহাস গড়েছিলেন নীরু।
অন্যদিকে, মহিলাদের কম্পাউন্ড আর্চারি ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে পরাস্ত করে সোনা নিশ্চিত করেছে ভারতীয় দল। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার গড়া ২৩৮ পয়েন্টের বিশ্ব রেকর্ডের সমান পারফরম্যান্স করে এই শিরোপা অর্জন করেছেন জ্যোতি, পৃথিকা ও চিকিথারা।
কী বললেন প্রধানমন্ত্রী? সোশাল মিডিয়ায় অ্যাথলিটদের এই সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছেন, “মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জেতার জন্য জ্যোতি, পৃথিকা এবং চিকিথাকে অভিনন্দন। তাঁদের এই পারফরম্যান্স বিশ্ব রেকর্ডের সমকক্ষ এবং আমাদের দেশের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়।”
পাশাপাশি, শুটার নীরু ও কাইনানের সাফল্য়কে ‘ভারতীয় শুটিংয়ের জন্য একটি স্মরণীয় মুহূর্ত’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী দিনেও এই অ্যাথলিটরা আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম এভাবেই উজ্জ্বল করে তুলবেন। ভারতের এই জোড়া সোনা জয় দেশের পদক তালিকাকে আরও সমৃদ্ধ করল এবং গোটা দেশ এই বীর অ্যাথলিটদের সাফল্যে উদ্ভাসিত।