কফির কাপে শেষ চুমুক! চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ‘কফি উইথ করণ’, ভক্তদের জন্য এল বড় ধাক্কা

বিটাউনের তারকাদের অন্দরের খবর, গসিপ আর বিতর্কিত সব প্রশ্ন দিয়ে সাজানো জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan) নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। দীর্ঘ ২২ বছরের ঐতিহাসিক যাত্রার পর এবার চিরতরে ইতি টানতে চলেছে এই মেগা শো। ভক্তদের জন্য খুশির খবর হলো, শোয়ের নতুন সিজন আসছে, তবে এটিই হতে চলেছে শেষ সিজন।

সোশাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিয়ো শেয়ার করে করণ জানান, ‘হটস্টার স্পেশালস: কফি উইথ করণ সিজন 9’-এর প্রিমিয়ার হতে চলেছে আগামী ১৪ অক্টোবর থেকে জিও-হটস্টারে (JioHotstar)। ভিডিয়োতে নস্ট্যালজিক হয়ে পড়তে দেখা যায় পরিচালককে। তিনি স্মরণ করেন তাঁর প্রয়াত বাবা যশ জোহরকে। ২০০৪ সালের জুন মাসে বাবার সঙ্গেই এই টক শোয়ের আইডিয়া নিয়ে আলোচনা হয়েছিল এবং ২০০৪ সালের ১৬ অগস্ট প্রথম শ্যুটিং শুরু হয়েছিল বলে জানান তিনি। আটটি সিজন, ১৬১টি পর্ব এবং ২২ বছরের দীর্ঘ পথচলায় দর্শকেরা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন করণ।

করণ জোহর বলেন, “এমন কিছু যাত্রা থাকে যার সমাপ্তি নিয়ে আগে থেকে পরিকল্পনা করা যায় না, তবে মনের গভীরে টের পাওয়া যায় কখন ইতি টানার সময় এসেছে। এই শো আমাকে অনেক বন্ধু, স্মৃতি এবং কিছুটা বিতর্কও উপহার দিয়েছে। তবে সবকিছুর মাঝে অপরিবর্তিত থেকেছে দর্শকদের ভালোবাসা। শেষবারের মতো সেই কফির মগ উঁচুতে তুলে ধরার সময় এসেছে।”

জিওস্টার-এর বিনোদন ব্যবসার প্রধান অলোক জৈন জানিয়েছেন, গত দুই দশক ধরে এই শো পপ কালচারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভক্তদের শেষবারের মতো বিনোদন দিতে ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই সিজন।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *