‘এটা SIR নয়, সরাসরি ভোট চুরি!’ ৭২৮ জনের মধ্যে ৭২৭ জনের নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনকে একহাত নিলেন রাহুল গান্ধী

বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের ঝড় উঠল। নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে চরম আক্রমণ শানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি একে ‘ভোট চুরির সুপরিকল্পিত পদ্ধতি’ বলে তোপ দাগলেন। সোমবার দিল্লির যমুনাতীরের বেলাইস্টেট ঝু্গি বস্তিতে সরাসরি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও শেয়ার করেন।

৭২৮ জনের মধ্যে বেঁচে রইল মাত্র ১টি নাম!

রাহুল গান্ধীর দাবি অনুযায়ী, যমুনাতীরের বেলাইস্টেট এলাকায় মোট ৭২৮ জন মানুষ বসবাস করেন। কিন্তু এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেখা যায়, ভোটার তালিকায় নাম রয়েছে মাত্র একজনের! বাকি ৭২৭ জনের নামই আচমকা তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে।

ভিডিওতে স্থানীয় এক এসডিএম-এর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, “এই মানুষগুলো দীর্ঘ দশক ধরে এখানে বসবাস করছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনেও তাঁরা ভোট দিয়েছেন। ২০২৩ সালে তাঁদের ঘর ভেঙে দেওয়া হলেও তাঁরা কোথাও যাননি, এখানেই আছেন। কিন্তু এসআইআরের নামে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”

নির্বাচন কমিশন ও সিস্টেমকে চরম হুঁশিয়ারি

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার ও কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে রাহুল আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে ‘হাউস নম্বর ০’ বেঘরদের জন্য। তা সত্ত্বেও ৭২৭ জনের নাম কীভাবে কেটে দেওয়া হলো? এটা কোনো সাধারণ এসআইআর নয়, এটি পরিষ্কার ভোট চুরির নতুন পদ্ধতি। যাদের আগে থেকেই কিচ্ছু নেই, তাদের ইকুলোট শক্তিটুকুও কেড়ে নেওয়া হচ্ছে।”

শেষে কড়া ভাষায় রাহুল বলেন, “জ্ঞানেশ কুমার তো একদিন যাবেনই, কিন্তু যে সিস্টেমের মাধ্যমে এই কাজ করানো হয়েছে, তারও চরম হিসাব নেওয়া হবে।”

দিল্লিতে এসআইআর নিয়ে তীব্র চাপানউতোর

উল্লেখ্য, ৯৭ লক্ষেরও বেশি ভোটারের খসড়া তালিকা প্রকাশের পর থেকেই দিল্লিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে। তথ্য গরমিলের জেরে ইতিমধ্যেই প্রায় ৩৩ লক্ষেরও বেশি ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। বিরোধীদের অভিযোগ, সুপরিকল্পিতভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে, বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে সঠিক নথি যাচাইয়ের কাজ করছেন এবং আগামী ৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *