১৫ কোটির ছবি তুলতে পারল না মোটে ৫০ লক্ষও! মুখ থুবড়ে পড়ল অঞ্জলি অরোরার ‘শ্রী রামায়ণ কথা’

রিয়েলিটি শো এবং সোশ্যাল মিডিয়ার সুবাদে পরিচিত মুখ হলেও বড় পর্দায় পা রেখেই চরম হোঁচট খেলেন ‘কাচ্চা বাদাম’ খ্যাত অভিনেত্রী অঞ্জলি অরোরা। রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি মহাকাব্যিক চলচ্চিত্র ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’-তে সীতার চরিত্রে অভিনয় করে শুরু থেকেই সমালোচকদের নিশানায় ছিলেন তিনি। তবে বিতর্ক তৈরি হলেও প্রেক্ষাগৃহে দর্শকদের খরা কাটল না একটুও। মুক্তির তিন দিন কেটে গেলেও ছবিটি বক্স অফিসে ন্যূনতম আয় করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিন দিনে আয় মোটে ৩৪ লক্ষ টাকা!
SACNILC-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনে নেট কালেকশনের ভিত্তিতে মাত্র ৩৪ লক্ষ টাকার আশেপাশে ব্যবসা করেছে। আর ছবির গ্রস কালেকশন আনুমানিক ৩৮ লক্ষ টাকার কাছাকাছি। এর অর্থ দাঁড়াল, ১৫ থেকে ১৮ কোটি টাকা খরচ করে তৈরি এই বিশাল বাজেটের ছবিটি প্রথম তিন দিনেও মোটে অর্ধ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারেনি। রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ মুক্তির আগে এই ছবিটিকে ঘিরে কিছুটা উন্মাদনা তৈরি হওয়ার কথা থাকলেও, বাস্তবে তা মার খেয়েছে।
বানর সেনার চোখে চশমা! নেটদুনিয়ায় ট্রোলের ঝড়
অভিষেক সিং পরিচালিত এই চলচ্চিত্রে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন দেব শর্মা এবং মাতা সীতার চরিত্রে দেখা গেছে অঞ্জলি অরোরাকে। কাস্টিং নিয়ে বিরোধিতার পাশাপাশি ছবিটি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় এর বেশ কিছু দৃশ্য নিয়ে চরম ট্রোল শুরু হয়েছে। বিশেষ করে ছবির একটি দৃশ্যে বানর সেনার এক সৈন্যকে চোখে চশমা পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা নিয়ে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ছবিটির এই বেহাল দশা দেখে ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, বক্স অফিসে বড়সড় ফ্লপের দিকেই এগোচ্ছে এই ছবি।