গাড়ি থেকে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র! গোপালনগর পুলিশের জালে বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস

রাজ্যের রাজনৈতিক মহলে ফের একবার বড়সড় শোরগোল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র সহ বনগাঁর দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। তাঁর গাড়ি থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই গ্রেপ্তারের পরই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে একটি বিশেষ খবর আসে গোপালনগর থানার অফিসারদের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় বিশ্বজিৎ দাসের গাড়ি থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা। এরপরই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিশ্বজিৎ দাসের এর আগে রাজনৈতিক দল বদল এবং বিভিন্ন ইস্যু নিয়ে নানা সময় চর্চায় থেকেছেন। বর্তমানে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন। ঠিক কী কারণে তিনি ওই বেআইনি অস্ত্র নিজের গাড়িতে বহন করছিলেন কিংবা এর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃত নেতাকে সোমবারই আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলে খবর। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।