‘মাঠে নামলে কোনো বাহানা চলে না!’ রেকর্ড গড়ার পরই তরুণদের কী কড়া বার্তা দিলেন বিরাট?

তিরুবনন্তপুরমে কোহলি ম্যাজিকে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজদের দেওয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৮৮ বলে ১৩৯ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন বিরাট কোহলি। অন্যদিকে, ১০৮ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অধিনায়ক শুভমন গিলও। তবে এই ম্যাচেই ব্যাট হাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন ‘কিং কোহলি’। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করলেন তিনি। এই রেকর্ড গড়ার পথে তিনি পিছনে ফেলে দিয়েছেন বহু কিংবদন্তিকে। বর্তমানে সচিন তেন্ডুলকরের (১৮৪২৬ রান) পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বিরাট।

রেকর্ড নিয়ে কী ভাবছেন বিরাট?

ম্যাচ শেষের পর নিজের এই মাইলফলক ও রেকর্ড নিয়ে কোহলি অত্যন্ত বিনয়ী সুরেই জানিয়েছেন, তিনি ব্যক্তিগত পরিসংখ্যান বা মাইলফলক নিয়ে কখনোই অতিরিক্ত ভাবেন না। তাঁর মূল লক্ষ্য থাকে সবসময় ম্যাচের পরিস্থিতি বুঝে দলের জন্য সেরাটা দেওয়া।

বিরাট বলেন, “আমি কখনো নিজের রেকর্ড বা মাইলফলক নিয়ে বেশি ভাবিনি। আমার লক্ষ্য ছিল ম্যাচের পরিস্থিতি বুঝে দলের জন্য খেলা। আমি যে এতদিন ধরে খেলতে পেরেছি, এটা সত্যিই গর্বের ও সৌভাগ্যের। এখন আমার মূল লক্ষ্য হলো শারীরিকভাবে ফিট থাকা ও মানসিকভাবে সতেজ থাকা। মাঠে নেমে বর্তমানের উপর ফোকাস করে নিজের সেরাটা দিতে চাই।”

নিজের দীর্ঘ কেরিয়ারের কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, “আমি মাঝেমাঝে ভাবি, কোথা থেকে শুরু করেছিলাম। তাই আমি মনে করি, দেশের হয়ে খেলতে পারা খুব সৌভাগ্যের। হয়তো আমি দেশের হয়ে খেলতেই পারতাম না। তাই আমি পরিশ্রম করতে চাই। আমি এখনও কিছুদিন এই ফরম্যাট খেলব, এখনও বিশ্বকাপ এক বছর দেরি আছে। আমি জানি আমাকে কী করতে হবে।”

তরুণদের উদ্দেশ্যে কোহলির কড়া বার্তা

ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি তরুণ প্রজন্মের ক্রিকেটারদের উদ্দেশ্যে এক গুরুগম্ভীর বার্তা দিয়েছেন বিরাট। তাঁর স্পষ্ট কথা, মাঠে নামলে আরাম করার কোনো জায়গা নেই।

তরুণদের উদ্দেশ্যে কোহলি বলেন, “আমি ছোটদের বলব, নিজের শরীরকে কাজে লাগাও। কঠোর পরিশ্রম করো। মাঠে নামার সময় যেন ম্যাচটাই তোমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট হয়। যদি আমি ১৫০ রানে অপরাজিত থাকি ও আমাকে ১ ওভারে ৪ বার দুই রান নিতে হয়, আমি নেব। আমি কোনো বাহানা দেব না। সেই শিক্ষাটা তোমাকে নিতে হবেই।”

রেকর্ড বইয়ের পাতা ওলটাচ্ছেন কোহলি

পরিসংখ্যান বলছে, ৩৭৩ ইনিংসে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর। অথচ বিরাট কোহলি সেই একই মাইলফলক স্পর্শ করলেন মাত্র ৩০৩ ইনিংসেই! শুধু তাই নয়, ১৪ হাজার থেকে ১৫ হাজার রানের ঘরে পৌঁছতে কোহলির লেগেছে মাত্র ১৬টি ইনিংস। এটি তাঁর কেরিয়ারের ৫৫তম ওয়ান ডে সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ নম্বর সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট সেঞ্চুরির সংখ্যা এখন ৮৬। সেঞ্চুরির সেঞ্চুরি অর্থাৎ ১০০টি শতরানের মহাকীর্তি থেকে কোহলি এখন মাত্র ১৪টি সেঞ্চুরি দূরে। এই জয়ের সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *