‘একই কাজ করে ওঁরা পান মাসে ৩০ হাজার, আর আমরা পাই ৭ হাজার!’ রাস্তায় শুয়ে আন্দোলন চুক্তিভিত্তিক শিক্ষকদের

চাকরি স্থায়ী করা এবং বঞ্চনা দূর করার দাবিতে ফের একবার রাজপথে নেমে আন্দোলন শুরু করলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। অবিলম্বে ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের সরকারি চুক্তিভিত্তিক হিসেবে পুনর্বহাল এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে সোমবার করুণাময়ী চত্বরে প্রবল বিক্ষোভ দেখান আইসিটি ঐক্যমঞ্চের আন্দোলনকারীরা। পুলিশি বাধার মুখে পড়ে করুণাময়ী মেট্রো স্টেশনের কাছেই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই নজিরবিহীন বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকার যান চলাচল।
বেতন মাত্র ৬৮০০ টাকা, ক্ষোভে ফুটছেন শিক্ষকরা
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, আগের প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত শিক্ষকদের যে নিয়মে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন ও সমস্ত সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাঁরা ঠিক একই কাজ করেও মাসোহারা পাচ্ছেন মাত্র ৬৮০০ থেকে ৭০০০ টাকা।
এক আন্দোলনকারী শিক্ষক ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই সামান্য টাকায় সংসার চালাব কীভাবে? প্রতিদিন শুধু যাতায়াতের গাড়ি ভাড়াই চলে যায় ১৫০ থেকে ২০০ টাকা। আমাদের একটাই দাবি, আগের পর্যায়ের নিয়ম অনুসারেই আমাদেরও সরকারিকরণ করতে হবে।”
অন্য এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে জানান, গত বছর ঠিক এই সময়ে তাঁদের ইন্টারভিউ শুরু হয়েছিল এবং মার্চ মাস পর্যন্ত তা চলেছে। কিন্তু সরকারের পালাবদলের পর থেকেই সমস্ত প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে রয়েছে। গত মে মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ থাকায় তাঁদের আর স্কুলেও পাঠানো হচ্ছে না। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্কুলে ফেরানোর দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও তীব্র উত্তেজনা
হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এদিন বিকাশভবন অভিমুখে রওনা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথ আটকে দাঁড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকর্মীরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে গেলে তারা মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও উত্তপ্ত পরিস্থিতি বজায় রয়েছে গোটা এলাকায়।