‘বিগ বস’ বাড়িতে পা রেখেই জীতুকে নিয়ে টানটান উত্তেজনা! অনুষ্কার এন্ট্রিতে কোন গোপন সমীকরণ ফাঁস হতেই তোলপাড় অন্দরমহল?

‘বিগ বস’-এর অন্দরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন উত্তাপ। শোয়ে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রেখেছেন অভিনেত্রী ও মডেল অনুষ্কা ঘোষ। বাড়িতে ঢুকেই তিনি যেমন দীপেন্দু ও রাজবীরকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান, তেমনই পুরনো প্রতিযোগীদের অনেকেরই চোখ কপালে উঠেছে তাঁকে দেখে। বিশেষ করে তনুশ্রী তো রীতিমতো অবাক হয়ে জানতে চান, “কে রে?” এরপর পরিচয় পর্ব চুকতেই শুরু হয়ে যায় আসল খেলা।

রোববারের পর্বে নজর কাড়ে অনুষ্কার এন্ট্রি ও তাঁর পোশাক সামলানোর একটি ঘটনা। অনুষ্কা যখন ঘরের ভেতর হাঁটছিলেন, তখন তাঁর লম্বা গাউনের নিচের অংশ মাটিতে লুটিয়ে পড়ছিল। সেই সময় জীতু কামাল এগিয়ে এসে তাঁর গাউনটি তুলে দিয়ে তাঁকে সাহায্য করেন। জীতুর এমন জেন্টলম্যানসুলভ আচরণ দেখে বাড়ির অন্দরে মুহূর্তের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। এর মধ্যেই অনুষ্কা যখন জীতুকে ‘জীতুদা’ বলে সম্বোধন করেন, তখন পাশে থাকা নন্দিনী ইঙ্গিতপূর্ণ হেসে বলে ওঠেন, ‘দাদা?’ থেমে থাকেননি অনুষ্কাও। তিনি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে বলেন, “তোমার মতো তো এখানে সবাই প্রেম করতে আসে না।” জবাবে নন্দিনীও জানান যে তিনি প্রেম করতে আসেননি, বরং এখানে আসার পরই তাঁর প্রেমে পড়েছেন।

তবে শুধু কথার লড়াইয়েই থেমে থাকেননি এই নতুন বঙ্গকন্যা। ঘরে ঢোকার পরেই তিনি প্রতিযোগীদের খেলার চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেন। জীতুর অভিনয়ের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি দুর্নিবারকে মিষ্টি মানুষ বলে উল্লেখ করেন তিনি। দীপেন্দুকে তাঁর মতামত আরও জোরালোভাবে রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি তনুশ্রীকে বলেন তিনি দারুণ খেলছেন। এরপর রাজবীরের সামনে এসে অনুষ্কা এক্কেবারে স্পষ্ট ভাষায় বলেন, “রাজবীর ভালো খেলছো। কিন্তু কারও পাল্লায় পড়ে নিজের গেমটা প্লিজ খারাপ করো না।” অনুষ্কার এই মন্তব্য কি সরাসরি নন্দিনীর সঙ্গেই রাজবীরের মাখামাখি ও সম্পর্কের রসায়নকে ইঙ্গিত করছে? সব মিলিয়ে, অনুষ্কার এই ঝোড়ো এন্ট্রি যে ‘বিগ বস’ বাংলার সমীকরণ এক লহমায় বদলে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *