‘অজেয় লাদাখ এবার বাঙালিদের মুঠোয়!’ দুর্গম চ্যাং চেংমো জয় করে দীর্ঘ ৩৫ দিন পর কলকাতায় ফিরলেন সত্যরূপরা

লাদাখের পূর্ব প্রান্তে আকসাই চিন সংলগ্ন অত্যন্ত দুর্গম ও সাধারণ মানুষের কাছে কার্যত অজেয় বলে পরিচিত চ্যাং চেংমো উপত্যকা জয় করে নজির গড়লেন বাংলার পর্বতারোহীরা। দীর্ঘ ৩৫ দিনের কঠিন অভিযান সফল করে রবিবার কলকাতায় ফিরে এলেন বিখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত এবং কলকাতার ঐতিহ্যবাহী পর্বতারোহণ সংস্থা ‘সোনারপুর আরোহী’-র ৯ সদস্যের অভিযাত্রী দল। ৬৫৩৬ মিটার উচ্চতার প্রধান শৃঙ্গ চ্যাং চেংমো কাংরি সহ মোট ৪টি পর্বতশৃঙ্গ জয় করে তাঁরা এই ঐতিহাসিক কীর্তি স্থাপন করেছেন।
সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর একটি দল এই শৃঙ্গে প্রথম পা রাখলেও, ‘সোনারপুর আরোহী’-র এই দলই প্রথম কোনও বেসামরিক (সিভিলিয়ান) অভিযাত্রী দল, যারা সম্পূর্ণ আলপাইন স্টাইলে এই পর্বত জয় করলেন। অর্থাৎ, দুর্গম এই অভিযানে তাঁরা কোনও স্থায়ী দড়ি বা শেরপার সাহায্য নেননি। সম্পূর্ণ নিজেদের সাহসিকতা ও দক্ষতার জোরে গত ১১ সেপ্টেম্বর একটি সম্পূর্ণ নতুন রুট দিয়ে শৃঙ্গ জয় করেন দলের ৯ জন অভিযাত্রী।
এই সফল দলে সত্যরূপ সিদ্ধান্ত ছাড়াও ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, নৈতিক নস্কর, দেবাশিস মজুমদার, দীপশ্রী পাল, তুহিন ভট্টাচার্য, বৃকরাজ রায়, অপারেশ পানিগ্রাহী এবং মলয় পুরকাইত। অত্যন্ত প্রতিকূল পরিবেশ ও দুর্গম পাহাড়ি পথ জয় করে বাঙালি পর্বতারোহীদের এই দলবদ্ধ সাফল্য আন্তর্জাতিক স্তরেও বাংলার মুকুটে এক নতুন গৌরবের ফলক যোগ করল। কলকাতার মাটিতে পা রাখার পর থেকেই সংবর্ধনা ও অভিনন্দনের জোয়ারে ভেসেছেন এই সাহসী অভিযাত্রীরা।