“কোটি টাকার কাফ সিরাপ বাজেয়াপ্ত!” নেশামুক্ত বাংলার ডাক দিতেই বুলেরোজার অ্যাকশনে পুলিশ

রাজ্যজুড়ে মাদক ও নেশার কারবারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এবার বড়সড় সাফল্যের মুখ দেখল পুলিশ। নেশামুক্ত বাংলা গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছিলেন, সেই পথেই এবার একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার অভিযানের পাশাপাশি এবার কলকাতা থেকেও উদ্ধার হলো কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কাফ সিরাপ।
৩৪ হাজার বোতল বাজেয়াপ্ত
গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি বাগুইহাটি থানার পুলিশ নারায়ণতলা পশ্চিম এলাকার একটি ওষুধের গোডাউনে আচমকা হানা দেয়। সেই অভিযানেই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই গোডাউন থেকে মোট ৩৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ কাফ সিরাপ কীভাবে মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে কোন কোন চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদকমুক্ত বাংলা গড়ার ডাক
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ‘নেশামুক্ত ভারত ২০২৯’ লক্ষ্য সামনে রেখে নিউটাউনের ইকো পার্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি নিজে উপস্থিত থেকে রোড রোলার চালিয়ে প্রায় তিন লক্ষ দশ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করেছিলেন। তারও আগে গত ২ সেপ্টেম্বর বালুরঘাটে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে একইভাবে প্রায় ২ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করা হয়েছিল।
রাজ্যজুড়ে মাদকের রমরমা রুখতে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, সমাজকে রক্ষা করতে হলে পশ্চিমবঙ্গকে যেভাবেই হোক নেশামুক্ত করতে হবে। আর সেই লক্ষ্য পূরণে পুলিশ প্রশাসন এখন কোমর বেঁধে মাঠে নেমেছে। উল্লেখ্য, অপব্যবহার রুখতে কাফ সিরাপ বিক্রির ক্ষেত্রে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সঠিক প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে আর কোনোভাবেই কাফ সিরাপ কেনা বা বিক্রি করা যাবে না।