রাজস্থানে বিজেপির জোড়া ফলায় কুপোকাত বিরোধীরা! জয়পুর থেকে যোধপুর—উপ-মেয়র পদেও পদ্ম ফুটিয়ে ইতিহাস

রাজস্থানের পৌরসভা নির্বাচনে একের পর এক বড় জয় ছিনিয়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP)। কিছুদিন আগেই রাজ্যের ১০টি পৌর কর্পোরেশনের মধ্যে বেশিরভাগ আসনেই মেয়র পদ দখল করে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বিজেপি। এবার জয়পুর, যোধপুর এবং কোটা পৌর কর্পোরেশনের উপ-মেয়র নির্বাচনেও নিরঙ্কুশ জয় তুলে নিয়ে নিজেদের আধিপত্য আরও শক্ত করল শাসক দল। তবে এই গেরুয়া ঝড়ের মাঝেও সিকার জেলার খাতুশ্যামজি পৌরসভায় জয় পেয়ে সামান্য স্বস্তি খুঁজেছে কংগ্রেস।
কোথায় কে জিতলেন উপ-মেয়র পদে? শনিবার অনুষ্ঠিত উপ-মেয়র নির্বাচনে তিন গুরুত্বপূর্ণ শহরেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি:
-
জয়পুর: জয়পুর পৌরসভার উপ-মেয়র পদে লড়াইতে বিজেপির সরোজ কানওয়ার সরাসরি পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী সালমান মনসুরিরকে।
-
যোধপুর: যোধপুরের লড়াই ছিল অত্যন্ত জমজমাট। এখানে বিজেপির বিজয় সিং পানওয়ার কংগ্রেস প্রার্থী আব্দুল করিমকে ৪ ভোটের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেন। ভোট গণনার পর বিজয় সিং পানওয়ার পান ৫২ ভোট, আর কংগ্রেস প্রার্থী আব্দুল করিম জনি পান ৪৮ ভোট। এই জয়ের পর উল্লাসে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। পানওয়ারের দাবি, ট্রিপল-ইঞ্জিন সরকারের সহযোগিতায় এবার যোধপুরের উন্নয়ন আরও দ্রুত গতি পাবে।
-
কোটা: কোটা পৌরসভায় বিরোধীরা লড়াইয়ে টিকতেই পারেনি। এখানে কংগ্রেস কোনো প্রার্থী না দেওয়ায় বিজেপির বিবেক রাজবংশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপ-মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া কোটার সুকেত পৌর সংস্থায় বিজেপির বিকাশ চৌহান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
মেয়র পদে কারা দায়িত্বে? এর আগে এই তিন কর্পোরেশনের মেয়র পদে জয়ী হয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থীরা। জয়পুরের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনীল কোথারি, যোধপুরের মেয়র হয়েছেন প্রসন্নচন্দ মেহতা (যিনি ৫৩ ভোট পেয়ে জয়ী হন), এবং কোটার মেয়রের দায়িত্ব পেয়েছেন অনুসূয়া গোস্বামী। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র ও উপ-মেয়ররা। সবমিলিয়ে, রাজস্থানের এই স্থানীয় নির্বাচনে বিজেপির ধারাবাহিক সাফল্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।