রেড রোড কার্নিভাল বাতিল থেকে সাবেকিানার জয়জয়কার— ২০২৬-এর পুজোয় কী কী বদল আসছে জানেন?

রাজ্যে সরকার বদল হওয়ার পর এবার বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আয়োজনে আসছে বড়সড় পরিবর্তন। প্রতিমার উচ্চতা থেকে শুরু করে প্যান্ডেল উদ্বোধন, বিসর্জনের শোভাযাত্রা এবং কার্নিভাল— সব ক্ষেত্রেই নতুন নিয়ম জারি করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
নতুন নিয়ম অনুযায়ী, এবার প্রতিমার উচ্চতা ১১ ফুটের বেশি করা যাবে না এবং বেশিরভাগ প্রতিমাই সাবেকি ধাঁচে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে যেখানে প্রায় দেড়শোটির বেশি থিমের প্রতিমা তৈরি হতো, সেখানে এবার শহরে মাত্র ১০ থেকে ১২টি থিমের প্রতিমা তৈরি হচ্ছে। পাশাপাশি, মহালয়ার দিন প্যান্ডেল উদ্বোধনের পুরনো প্রথাতেও আসছে বদল। আগে যেখানে মহালয়াতে পুজো উদ্বোধন ও দেবীর চক্ষুদান হতো, এবার তার পরিবর্তে ইডেন গার্ডেন্সে ড্রোন শো, আতশবাজি এবং ঢাকী ও লোকনৃত্যশিল্পীদের পরিবেশনা নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া রেড রোডের কার্নিভালের পরিবর্তে ইডেনেই মূল অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা, শব্দ নিয়ন্ত্রণ এবং উৎসবের ঐতিহ্য বজায় রাখতে এবার বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পুজোয় মদের দোকান বন্ধ রাখা এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা সহ উৎসবে উচ্চস্বরে গান বাজনা নিষিদ্ধ করা। তবে থিমভিত্তিক পুজোর ওপর সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও, উদ্যোক্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে থিম যেন কোনওভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে। সার্বিকভাবে এই সমস্ত পরিবর্তন ছাপিয়ে এবার কেমন জমে ওঠে বাঙালির শারদোৎসব, সেটাই এখন দেখার।