ইন্দিরা গান্ধীর এক আদেশে জন্ম নেওয়া ‘র’-এর প্রতিষ্ঠাতার বায়োপিক আসছে, দায়িত্বে কোন তারকা পরিচালক?

ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাও-এর বর্ণময় জীবন এবার রূপোলি পর্দায় ধরা দিতে চলেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর এই কিংবদন্তি গোয়েন্দার জীবনী নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছেন। লেখক নীতিন গোখলের জনপ্রিয় বই ‘R.N. Kao: Gentleman Spymaster’ অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হতে চলেছে এবং চলতি বছরেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে গঠিত হয়েছিল ‘র’। দেশের বৈদেশিক গোয়েন্দা বিভাগের শক্ত ভিত্তি তৈরি করতে রামেশ্বর নাথ কাও পালন করেছিলেন ঐতিহাসিক ভূমিকা। ১৯১৮ সালের ১০ মে বারাণসীর এক সম্ভ্রান্ত কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্ম নেওয়া কাও পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়া সত্ত্বেও তিনি দেশের টানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ইমপেরিয়াল পুলিশে যোগ দেন, যা পরবর্তীতে আইপিএস হিসেবে আত্মপ্রকাশ করে।
ইতিহাসের পাতায় কাও-এর অবদান স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্বাধীন গোয়েন্দা দল ‘কাও-বয়েজ’ মুক্তিযোদ্ধাদের পাশে থেকে গোপন কৌশলগত সহায়তা দিয়েছিল। এ ছাড়াও, ১৯৭৫ সালে এক ফোঁটাও রক্তপাত না ঘটিয়ে সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করার সফল অপারেশনের মূল কারিগর ছিলেন তিনি। শুধু তাই নয়, এভিয়েশন রিসার্চ সেন্টার এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো বিশেষ বাহিনী গঠনেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। পরবর্তীতে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে তিনি সিনিয়র নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০২ সালের ২০ জানুয়ারি নয়াদিল্লিতে ৮৩ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
চলতি বছর ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা থাকায় এবং ২০২৮ সালে ‘র’ প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি বিশেষ তাৎপর্য বহন করছে। ভারতীয় গোয়েন্দা মহলের এই আসল নায়কের জীবনের অজানা কাহিনী দেখার জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।